পদ্মার সেতু নিয়ে সহায়ক ভূমিকা নেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে আগামী জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আবারও এ আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘বিশ্বব্যাংক থেকে একটা চিঠি পেয়েছি। সেটার জবাব দিতে হবে। জাপান, যুক্তরাজ্য, ভারতসহ আরও কয়েকটি দেশ পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করেছে। তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রও বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলবে।’ পদ্মা সেতু হওয়ার ব্যাপারে আপনি কি আশাবাদী? এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ হয়ে মুহিত বলেন, ‘দয়া করে আমাকে এই প্রশ্ন করবেন না।’ এদিকে পদ্মা সেতুর ব্যাপারে যুক্তরাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, ২৫ শতাংশ জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রেখে বাংলাদেশ ‘বাংলার বাঘ’ হতে পারে না। সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন মজীনা। বৈঠক শেষে আলাদা করে দুজনই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ড্যান মজীনা বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে চমৎকার একটি আলোচনা হলো। সাম্প্রতিক প্রস্তাবিত বাজেট, গ্রামীণ ব্যাংক তথা ক্ষুদ্রঋণ, রপ্তানি পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিকফা) ইত্যাদি বিষয় উঠে এসেছে। বাংলাদেশের জন্য পদ্মা সেতুর গুরুত্বের কথা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে পদ্মা সেতু হওয়ার যৌক্তিকতা উপস্থাপন করা হবে। গ্রামীণ ব্যাংকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের। ওই সময় গ্রামীণ ব্যাংকের বিষয়ে আলোচনা হবে। আমাদের চাওয়া হলো, যা কিছুই করা হোক না কেন, তা যেন স্বচ্ছভাবে হয়।’ শিগগিরই টিকফা চুক্তি হয়ে যাবে বলে জানান মজীনা। অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘শব্দগত কিছু বিষয় বাকি আছে। আশা করছি, টিকফা হয়ে যাবে।’ মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের অনেক বড় বাজার। কিন্তু সম্প্রতি বাংলাদেশি তৈরি পোশাক কারখানাগুলোর সুনাম নিয়ে অনেকেরই প্রশ্ন উঠেছে। অসংখ্য ক্রেতা আমাকে জানিয়েছেন, তাঁরা অতটা সন্তুষ্ট নন। বিশেষ করে শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টিকে তাঁরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন।’