পদ্মাসেতু প্রমাণ করেছে বাংলাদেশের সক্ষমতা আছে: হাসান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যাতে জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে অর্থ না পায়, সে জন্য বাহানা হিসেবে সক্ষমতা নেই—এই অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু পদ্মাসেতুর কাজ শুরু প্রমাণ করেছে যে বাংলাদেশের সক্ষমতা আছে।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘প্যারিস জলবায়ু সম্মেলনে প্রাপ্তি: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় হাসান মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, জলবায়ু-সংক্রান্ত কাজের ব্যাপারে অনাগ্রহ আছে, এমন কাউকে দিয়ে সেই কাজ সুচারুরূপে সম্পন্ন করা যায় না। যার আগ্রহ আছে তাঁকেই সেই দায়িত্ব দেওয়া উচিত।

তবে সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, বাংলাদেশের জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সমস্যা আছে। এখনই ওই অব্যবস্থাপনা দূর করতে না পারলে জিসিএফ থেকে অর্থ পাওয়া কঠিন হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা তৈরির নামে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে নামীদামি হোটেলে খাওয়া-দাওয়া ও বিদেশ সফর হয়। আমাদের সক্ষমতার কোথায় ঘাটতি, তা চিহ্নিত করে দ্রুত তা পূরণে উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও এশিয়া প্যাসিফিক পরিবেশ সাংবাদিক ফোরাম আয়োজিত এ সভায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ জলবায়ু তহবিল দিয়ে যেসব কাজ করা হয়েছে তার মধ্যে সফল কাজগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে হবে। এতে জিসিএফ থেকে অর্থ পেতে সুবিধা হবে।

আলোচনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী থেকে আসা শেফালি আখতার বলেন, সাতক্ষীরার বেশির ভাগ জমিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে ফসল হয় না। ঋতু পরিবর্তনের কারণে সুন্দরবনের বিভিন্ন গাছের ফুলে মধু আসছে না। ফলে মৌচাকে মধুর পরিমাণ কমে গেছে। নদীতে আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সম্মানিত ফেলো এম আসাদুজ্জামান, জলবায়ু বিশেষজ্ঞ রেজাউল করিম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।