পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে রুল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নদী ক্ষয় ও শহর রক্ষা বাঁধ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও রুলে জানতে চাওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
গতকাল রোববার মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন রিটটি করেন, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আমিনুল হক ও মাহফুজুর রহমান মিলন।
পরে আইনজীবী মাহফুজুর রহমান মিলন প্রথম আলোকে বলেন, গোদাগাড়ী উপজেলায় ১১টি বৈধ বালুমহল আছে। অথচ নির্ধারিত এলাকার বাইরেও বালু উত্তোলন করা হচ্ছে। ফলে গোদাগাড়ী শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ঝুঁকির মুখে পড়েছে। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেন। পানিসম্পদসচিব, ভূমিসচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।