পদ্মায় আ.লীগের নেতাদের সেই বাঁধ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর প্রায় দুই কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের নেতাদের দেওয়া বাঁশের বাঁধটি অপসারণ করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মৎস্য কার্যালয়ের লোকজন গত মঙ্গলবার সেখানে অভিযান চালান। অভিযান চালানোর খবর পেয়ে আগেই বাঁধ পাহারার দায়িত্বে থাকা লোকজন এটি অপসারণ করেন।এলাকাবাসী জানান, প্রায় চার মাস আগে পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কোনঠাদিয়া থেকে মানিকগঞ্জের কাঞ্চনপুর এলাকা পর্যন্ত বাঁশ দিয়ে একটি বাঁধ দেওয়া হয়। পাশের ফরিদপুর সদর উপজেলার মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিলাল বেপারী, আওয়ামী লীগের নেতা কুদ্দুস বেপারী ও নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক হারুন ও দুলাল শেখ বাঁধটি দেন। এ বাঁধে পাতা তিন-চার প্রকার জালে প্রতিদিন ইলিশ, পাঙাশ, রুই, কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ত। এ নিয়ে ১৪ এপ্রিল প্রথম আলোতে ‘পদ্মায় আ.লীগের নেতাদের বাঁধ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান বলেন, ‘গত সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক সভায় জরুরিভাবে বাঁধটি অপসারণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে যায়। কিন্তু অভিযান চালানোর খবর পেয়ে বাঁধ পাহারার দায়িত্বে নিয়োজিত লোকজন পদ্মা নদীর ওই দুই কিলোমিটার থেকে বাঁশ তুলে ফেলে।’