পদ্মায় আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয়দের 'কপ্পা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় ‘কপ্পা’ পদ্ধতিতে ডুবে যাওয়া লঞ্চ পিনাক–৬ শনাক্ত করার চেষ্টা। দুটি ট্রলার নিয়ে স্থানীয় লোকজন নেমেছেন পদ্মায়। এই পদ্ধতিতে নাইলনের দড়িতে ইট বেঁধে ছুড়ে দেওয়া হয় নদীতে। ওই ইটে কিছু বাধলে সেখানেই অনুসন্ধান চলে l ছবি: হাসান রাজা
স্থানীয় ‘কপ্পা’ পদ্ধতিতে ডুবে যাওয়া লঞ্চ পিনাক–৬ শনাক্ত করার চেষ্টা। দুটি ট্রলার নিয়ে স্থানীয় লোকজন নেমেছেন পদ্মায়। এই পদ্ধতিতে নাইলনের দড়িতে ইট বেঁধে ছুড়ে দেওয়া হয় নদীতে। ওই ইটে কিছু বাধলে সেখানেই অনুসন্ধান চলে l ছবি: হাসান রাজা

সাত দিন পেরিয়ে গেছে। কিন্তু মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি পিনাক-৬ গতকাল রোববারও উদ্ধার করা যায়নি। এমনকি লঞ্চটির অবস্থানও নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারীরা। ফলে নিখোঁজ যাত্রীদের লাশের জন্য স্বজনদের অপেক্ষা শেষ হচ্ছে না।
এ অবস্থার মধ্যে গতকাল দুপুরে পিনাক-৬ উদ্ধার অভিযান কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাদে বাকি সবাইকে প্রত্যাহার করা হয়েছে। এখন কেবল কান্ডারি-২ ও জরিপ-১০ আধুনিক প্রযুক্তি নিয়ে পদ্মার তলদেশে সুনির্দিষ্ট ওই ধাতব বস্তুটি ঘিরে উদ্ধার কার্যক্রম চালাবে। তবে তীব্র স্রোত আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই কাজও বারবার ব্যাহত হচ্ছে।
এদিকে আধুনিক প্রযুক্তির পাশাপাশি এবার মুন্সিগঞ্জের লোকজন স্থানীয় ‘কপ্পা’ বা ‘টাটকা’ নামে পরিচিত পদ্ধতিতে উদ্ধার অভিযানে নেমেছে। এক হাজার ২০০ হাত লম্বা রশিতে ইট বেঁধে দুটি ট্রলার নিয়ে তারা শুরু করেছে ‘কপ্পা’ পদ্ধতি।
গত সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া আসার পথে পিনাক-৬ ডুবে যায়। গতকাল ওই লঞ্চের এক নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট থেকে। এ নিয়ে ৪৬ জনের লাশ উদ্ধার করা হলো। সরকারি হিসাবে এখনো নিখোঁজ আছেন ৬১ জন যাত্রী।
উদ্ধার কার্যক্রম সীমিত: উদ্ধার কার্যক্রমের সার্বিক অবস্থা নিয়ে গতকাল দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান মাওয়ায় পদ্মা সেতু রেস্ট হাউসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পদ্মা নদীর ৫০ বর্গকিলোমিটার এলাকায় সাত দিন ধরে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু পিনাক এখনো শনাক্ত হয়নি। পদ্মার তলদেশে ধাতব যে বস্তুটির ছবি পাওয়া গেছে এখন কেবল সেটিকে ঘিরেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জাহাজ কান্ডারি-২ ও জরিপ-১০ উদ্ধারকাজ চালাবে। নৌবাহিনী, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম পরিত্যক্ত করা হয়েছে। তবে এগুলোর ডুবুরি দল থাকবে। এ ছাড়া লঞ্চ টেনে তোলার জন্য রুস্তম ও নির্ভীক প্রস্তুত থাকবে।
উদ্ধার কার্যক্রমে দেরি হচ্ছে কেন—জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ডুবুরিরা সাধারণত এক থেকে দেড় নটিক্যাল মাইল মাত্রার স্রোত থাকলে কাজ করতে পারেন। বর্তমানে পদ্মায় পাঁচ থেকে ছয় নটিক্যাল মাইল মাত্রার স্রোত রয়েছে। এ অবস্থায় ডুবুরিদের কাজ করাও ঝুঁকিপূর্ণ। স্রোত কমে এলে ডুবুরিরা পুরোদমে কাজ করবেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম গুটিয়ে আনলেও ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার ও নৌপথে টহল অব্যাহত থাকবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌবাহিনীর ক্যাপ্টেন নজরুল ইসলাম, কান্ডারি-২-এর কমান্ডার মনজুরুল করিম চৌধুরী, বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ হোসেন, সহকারী পুলিশ সুপার কুতুবুর রহমান এবং কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ধাতব বস্তুটি ঘিরে চলমান উদ্ধার কার্যক্রমে কতটা সাফল্য আসবে, জানতে চাইলে মনজুরুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা তো এখনো আশাবাদী। আর সে কারণেই আমরা কার্যক্রম চালাচ্ছি।’
‘কপ্পা’ পদ্ধতি নিয়ে স্থানীয়রা পদ্মায়: এদিকে সনাতন পদ্ধতিতে লঞ্চটি খুঁজে পাওয়া যাবে, এমন আশাবাদ মাওয়া ঘাটসংলগ্ন মেদেনীমণ্ডল এলাকার মানুষের। নাইলনের রশিতে ইট বেঁধে দুটি ট্রলার দিয়ে তাঁরা ইলিশ মাছ ধরার জাল টানার মতো করে চিরুনি অভিযান চালাচ্ছেন। কেউ এই অভিযানকে বলছেন, ‘টাটকা’ আবার কেউবা ‘কপ্পা’।
ট্রলারে ২০ জন এই উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। প্রয়োজনে এ সংখ্যা বাড়ানো হবে। স্থানীয় লোকদের দাবি, আরও আগে তাঁদের নামতে দিলে তাঁরা সফল হতেন।
এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মাওয়া ফেরিঘাটের চেইন ব্যবসায়ী হাসান পাঠান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এই পদ্ধতিতে ফেরিতে উঠতে গিয়ে পড়ে যাওয়া গাড়ি, এমনকি ডুবে যাওয়া ট্রলার তুলেছি। আমরা আশাবাদী, পিনাক-৬ লঞ্চও তুলতে পারব।’ মাওয়া ঘাটের অপর ব্যবসায়ী মোহাম্মদ খলিল ও শাহিনুর আলমও তাঁর বক্তব্য সমর্থন করলেন।
সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে স্থানীয় এই পদ্ধতিতেই লঞ্চটি শনাক্ত হয়েছে। তবে এর সত্যতা পাওয়া যায়নি।
স্থানীয়দের এই অভিযানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক বলেন, ‘আমরা স্থানীয়দের উদ্ধার অভিযানে নামার বিষয়টি জেনেছি। তবে কোনো কিছু উদ্ধারের খবর পাইনি এখনো।’
আরেকটি লাশ উদ্ধার: বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের মেহেদিগঞ্জ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। মাওয়া ঘাটে স্থাপিত জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মজিবর রহমান প্রথম আলোকে জানান, এ নিয়ে ৪৬টি লাশ উদ্ধার করা হলো। এর মধ্যে পুরুষ ১৯ জন, নারী ১৬ জন ও শিশু ১১টি। নিখোঁজ রয়েছেন ৬১ জন। তিনি জানান, ৬৩ জন নিখোঁজের হিসাব থাকলেও দুপুরে তিনি ফোন করে নিশ্চিত হন মাদারীপুরের কফিলউদ্দিন ও আলী আকবর জীবিত আছেন। কিন্তু তাঁদের মামা সাইফুর রহমান তাঁদের নিখোঁজ বলে নাম লেখান।
পরে প্রথম আলোর পক্ষ থেকে সাইফুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁর দুই ভাগনে আসলে সেদিন ফেরিতে করে নদী পার হয়েছিল। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি নাম লিখে এসেছিলেন। তবে সেদিন সন্ধ্যায়ই তাদের খবর পান।
নিখোঁজ ৬১ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ২৪ জন নারী ও ২১টি শিশু। তাদের স্বজনেরা এখনো লাশের অপেক্ষা করছেন পদ্মার পাড়ে। তবে কবে লঞ্চ উদ্ধার হবে আর কবে লাশ মিলবে, তাঁদের সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি আর পদ্মার তীব্র স্রোত তাঁদের সেই অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।