
রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছেন প্রভাবশালী। এ বিষয়ে স্থানীয় একজন জনপ্রতিনিধি দিচ্ছেন উদ্ভট যুক্তি: ওই বেড়ার কারণে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙন থেকে রক্ষা পাচ্ছে। প্রশাসনের লোকজনকে এটা বোঝানোয় তাঁরাও নির্বিকার রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সঙ্গে কথা বলেযায়, চলতি মাসের প্রথম দিকে উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় এই বাঁশের বেড়া দেওয়া হয়। পদ্মা নদীর এই এলাকায় একটি চক্র কয়েক বছর ধরেই এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে। বাঁধ দেওয়ার সঙ্গে নদীর দুই পারের রাজবাড়ী ও পাবনা উভয় জেলার লোকজন জড়িত।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদী বা জলাধারের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এমন কোনো বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, যাতে করে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। মাছের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ।
সরেজমিনে দেখা যায়, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পশ্চিম দিকে বাঁধ দেওয়া হয়েছে। বড় বড় বাঁশ লম্বা ও আড়াআড়ি করে নদীতে পুঁতে রাখা হয়েছে। নদীর এপার থেকে প্রায় ৪০০ মিটার লম্বা এই বাঁশের বেড়া। বাঁশের সঙ্গে ছোট ও বড় বিভিন্ন ফাঁসের জাল পেতে রাখা হয়েছে।
গত সোমবার সরেজমিনে ওই বাঁধের পাশে মাঝনদীতে একটি নৌকা বাঁধা ছিল। কিন্তু নৌকায় কোনো মানুষ ছিল না। ফলে এর সঙ্গে জড়িত কারা, তা জানতে স্থানীয় সাত-আটজনের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তবে তাঁদের কেউই এ বিষয়ে তথ্য দিতে চাননি। কেউ বলেন, বাঁধ দেওয়ার সঙ্গে জড়িত লোকজনকে তাঁরা চেনেন না। অন্যরা বলেন, নদীর ওপারে অবস্থিত পাবনার লোকজন এই বাঁধ দিয়েছেন। পরদিন মঙ্গলবার গিয়ে স্থানীয় আরও ছয়-সাতজনের সঙ্গে কথা বললেও একই ফল এসেছে। ওই দিনও বাঁধের পাশে মাঝনদীতে বেঁধে রাখা নৌকাটিতে কাউকে দেখা যায়নি।
তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার আজিবর নামের এক ব্যক্তি এই বাঁশের বেড়া দেওয়ার নেতৃত্বে আছেন। তাঁর সঙ্গে রয়েছেন আশপাশের আরও কয়েকজন। এর সঙ্গে জড়িত লোকজন সন্ত্রাসী-প্রকৃতির। ফলে এলাকার লোকজন তাঁদের বিষয়ে কথা বলতে ভয় পান।
বরাট ইউপির চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম বলেন, নদী দিয়ে প্রতিদিন শতাধিক বালুবোঝাই নৌযান যায়। এতে করে বড় বড় ঢেউ হয়ে নদীর পাড় ভেঙে যায়। কিন্তু বাঁধ থাকায় নৌযানগুলো পাড় থেকে অনেক দূর দিয়ে যাচ্ছে। এতে করে পাড়ে থাকা উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছে।
চেয়ারম্যানের ভাষ্য, বাঁধ দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে এসে দেখে গেছেন। তাঁরাও বিদ্যালয়ের স্বার্থে দুই মাস বাঁশের বাঁধটি রেখে দেওয়ার কথা বলেছেন।
সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, বাঁধের সঙ্গে জড়িত লোকজন প্রশাসনকে বুঝিয়েছেন যে বাঁধটি বিদ্যালয় রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে। বেড়া থাকায় নৌযান চলতে পারছে না। ফলে ঢেউ থেকে বিদ্যালয় রক্ষা পাচ্ছে।
তবে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুরোধে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাঁশের বেড়া সরিয়ে না নেওয়া হলে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হবে।