পদ্মায় ইলিশ নেই আছে বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পান্তা-কাঁচা মরিচ, সঙ্গে এক টুকরো পদ্মার ইলিশ, ভোজনপ্রিয় বাঙালির নববর্ষের দিন আর কী চাই! পদ্মায় যে এখন ইলিশ নেই, সে খোঁজ কজন রাখেন। এ সুযোগ নিয়েই পদ্মার পাড়ের মাছ ব্যবসায়ীরা বরিশালের ইলিশকে চালিয়ে দিচ্ছেন পদ্মার ইলিশ বলে। বিক্রিও হচ্ছে প্রচুর।মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহিদ হাবীব বলেন, বছরের শেষ ভাগে বৃষ্টি কম হওয়াতে বর্তমানে চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত পদ্মায় ইলিশ নেই। এ ছাড়া নভেম্বর থেকে মে পর্যন্ত ইলিশ ধরা নিষেধ।ভাগ্যকূল বাজারের ঘাটে পদ্মার জেলে মফিজের সঙ্গে কথা হলো। তিনি বললেন, ‘পাঁচ-সাত দিন পরপর দু-একটা ইলিশ পাই।’ সেখানে উপস্থিত অন্য জেলেরা বললেন, নদীতে চর পড়েছে। বৃষ্টি নেই। তাই ইলিশও নেই। মুন্সিগঞ্জের মাওয়া মাছের আড়ত, মাওয়া সিবোট ঘাট, ভাগ্যকূল বাজার, বালাশুর বাজার ঘুরেও এর সত্যতা পাওয়া গেছে। মাওয়া মাছের আড়তের আড়তদার শ্রীধাম দাসও বলেন, ‘পদ্মায় এখন ইলিশ নেই। আর থাকবে ক্যামনে, নদীতে চরা (চর) পইরা গেছে। ইলিশ গভীর জলের মাছ। বরিশালের ইলিশকে আমরা পদ্মার ইলিশ বইলা বেচি।’ আড়তদার শ্রীধাম দাবি করেন, এখন এক কেজি ওজনের ইলিশের হালি সাত থেকে আট হাজার টাকা ও আধাকেজি ওজনের মাছের হালি বাইশ শ থেকে তিন হাজার টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, পনের দিন আগে এই ইলিশের দাম এর অর্ধেকেরও কম ছিল। তবে নববর্ষের পর কমে যাবে।পদ্মার পাড়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর বাজারে খুচরা ক্রেতা নুরুল উদ্দিন আক্ষেপ করে বললেন, ‘ইলিশ আমাগোর মতো গরিবের মাছ না।’