পদ্মায় এবার ‘সাভার’ দিয়ে পোনা শিকার
বাঁশের আড়াআড়ি বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকারের পর পদ্মা নদীর রাজবাড়ী এলাকায় এবার জালের বিশেষ ফাঁদ বা ‘সাভার’ তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা শিকার করছে একটি চক্র। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানেল ঘাট থেকে শুরু করে দেবগ্রাম ইউনিয়নের বাঘাবাড়ী পর্যন্ত মরা পদ্মায় শতাধিক সাভার দিয়ে মাছের পোনা শিকার করছে চক্রটি।খোঁজ নিয়ে দেখা গেছে, বর্ষা মৌসুমের শুরু থেকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, গোদারবাজার ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে ক্যানেল ঘাট, বাহিরচর, ডাকাতপাড়া এবং দেবগ্রাম ইউনিয়নের চরবেথুরী, বেতকা ও রাখালগাছি এলাকার পদ্মা নদীতে সাভার দিয়ে পোনা শিকার চলছে।দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কালুখালীর মুকুল মণ্ডল তিনজন লোক নিয়ে সাভার বসাচ্ছেন। আলাপকালে তিনি জানান, দৌলতদিয়া নৈমদ্দিন খাঁর গ্রামের পোনা ব্যবসায়ী মমিন খাঁ ওরফে মমিন পাগলা মাসিক পাঁচ হাজার টাকা বেতনে তাঁদের চারজনকে রেণু ও পোনা আহরণের জন্য নিয়ে এসেছেন। তাঁরা প্রতিদিন সাভার দিয়ে এক থেকে দেড় কেজি পোনা পান। এখান থেকে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা দুই-তিন হাজার টাকা কেজি দরে পোনা কিনে নিয়ে যান। ব্যবসায়ী মমিন খাঁ সাভার বসিয়ে পোনা আহরণের সত্যতা স্বীকার করেন।গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাঈদ আহাম্মেদ জানান, তাঁদের অনুমতি ছাড়া সাভার দিয়ে রেণু বা পোনা আহরণ সম্পূর্ণ অবৈধ। এভাবে পোনা শিকার করলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। বিষয়টি জানার পর শুক্রবার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকা থেকে ৩০টি সাভার উঠিয়ে দেওয়া হয়েছে। তবে শনিবার দুপুরের দিকে ক্যানেল ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মোমিন খাঁ তাঁর লোকজন নিয়ে আবারও সাভার বসাচ্ছেন।