পদ্মায় গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচটি বাঁশের বেড়া
ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার রাজবাড়ী সদরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মাছের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখার জন্য পাঁচটি বাঁশের বেড়া গুঁড়িয়ে দিয়েছেন।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে জৌকুরা এলাকায় একটি, মিজানপুর ইউনিয়নের কালিতলায় একটি, গোদার বাজারে দুটি ও মৌলভীর ঘাট এলাকা থেকে একটি বাঁশের বেড়া কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এ ছাড়া এসব এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার কারেন্ট ও সুতার জাল উদ্ধার করা হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় আফজাল প্রামানিককে আটক করা হয়। তাঁকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়।রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া বলেন, মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচল অব্যাহত রাখার জন্য এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।