পদ্মায় গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধার করতে নদীতে অভিযান চালাচ্ছে স্থানীয়রা।

এই দুই শিশু হলো ফিলিপনগর গ্রামের আবদুর রহমানের ছেলে সাবাজ আলী (১২) আর মন্টু মণ্ডলের ছেলে মিনারুল ইসলাম (১৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে পদ্মার পানিতে তলিয়ে যায় সাবাজ ও মিনারুল। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা নৌকা ও জাল দিয়ে নদীতে তল্লাশি শুরু করে। বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা অবধি তাদের পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে নদীতে তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।