পদ্মায় জোয়ারের চাপে ফরিদপুর সদরে ভাঙন, বাঁধ হুমকিতে
পদ্মা নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। গত পাঁচ দিনে এই ইউনিয়নের প্রায় এক একর ২৬ শতাংশ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙন অব্যাহত থাকায় সদরের গদাধরডাঙ্গি থেকে চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ পর্যন্ত নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। গোয়ালন্দ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার (নদীর পানি উচ্চতা পরিমাপকারী) মো. শাহীন জানান, জোয়ারের কারণে পদ্মা নদীর পানি বাড়ছে। গত ১৫ দিনে নদীর পানি ১ দশমিক ১৯ মিটার বেড়েছে। পানি বাড়ায় আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গির আমিন মাস্টারের বাড়ি, সাইনবোর্ড এলাকা ও আলিয়াবাদ গ্রামে ভাঙন দেখা দিয়েছে।গদাধরডাঙ্গি এলাকার কাশেম শেখ ও আদেল ব্যাপারী জানান, নদীতে জোয়ারের পানি বাড়ায় এলাকায় ভাঙন শুরু হয়েছে। গত পাঁচ দিনে প্রায় ৫২ শতাংশ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।সাইনবোর্ড এলাকার জালাল শেখ ও সোনা মিয়া জানান, গত পাঁচ দিনে সাইনবোর্ড এলাকার প্রায় ৪৮ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আলিয়াবাদ গ্রামের রাজা মোল্লা ও কাদের মোল্লা জানান, পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে গত পাঁচ দিনে প্রায় ২৬ শতাংশ ফসলি জমি বিলীন হয়ে গেছে।আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আখতারুজ্জামান, ইউনিয়নের গদাধরডাঙ্গি থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এক কিলোমিটার অংশে নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের জন্য এক মাস আগে পাউবো দরপত্র আহ্বান করেছিল। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাউবোর ফরিদপুর কার্যালয়ের প্রধান প্রকৌশলী মো. শহীদুর রহমান বলেন, মন্ত্রণালয় দরপত্র অনুমোদন করার সঙ্গে সঙ্গে কার্যাদেশ দেওয়া হবে।