পদ্মায় ট্রলার ডুবে মায়ের মৃত্যু, ছেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার নটাখোলা চর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া তাঁর ছেলে নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর নাম জয়নব বিবি (৭০)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আইনদ্দিন প্রামাণিক পাড়ার সৈয়জদ্দিন খানের স্ত্রী। নিখোঁজ ছেলের নাম কোবাদ খাঁ (৩৭)।

জয়নব বিবির প্রতিবেশী মো. তারা মিয়া বলেন, জয়নব ও সৈয়জদ্দিনের নাতি লাবলু খাঁর জন্য কনে দেখতে পরিবারের ৯ সদস্যের একটি দল গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছে আইনদ্দিন পাড়ায় ট্রলারে ওঠে। ট্রলারটি পদ্মা নদী দিয়ে ফরিদপুরের নটাখোলা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি ঝোড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় খেয়াঘাটের লোকজন গিয়ে জয়নব বিবিকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়নবকে মৃত ঘোষণা করেন। গতকাল রাত পর্যন্ত তাঁর ছেলে কোবাদ খাঁর কোনো সন্ধান মেলেনি। দুর্ঘটনার পর অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমরা জয়নব বিবির মরদেহ দাফনের ব্যবস্থা করেছি।’