পদ্মায় ট্রলারডুবি নিখোঁজ তিনজন জীবিত উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ তিন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের সদরপুরের জেলেরা গত বুধবার ভোরে নদী থেকে তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করেন।উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাছামারা গ্রামের শামীম (৩৮), রফিকুল ইসলাম (৩৫) ও আবদুর রাজ্জাক (৪৩)। বুধবার রাতে তাঁরা তাঁদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন।উদ্ধার হওয়া যাত্রীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাছামারা গ্রামের শামীম, রফিকুল, রাজ্জাক, লুৎফর, ইব্রাহিম, শাহ আলম ও হাসিব দরজি একটি ট্রলারে দৌলতদিয়ার ডাকাতপাড়া গ্রামে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে আসেন। ট্রলার চালাচ্ছিলেন একই গ্রামের ইব্রাহিম শেখ। রাত সাড়ে নয়টার দিকে সেখান থেকে ফেরার পথে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীর মাঝে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ আলীর কর্মচারীরা নদীতে ভাসতে দেখে হাসিবকে উদ্ধার করে। রাত ১১টার দিকে লুৎফর, ইব্রাহিম ও শাহ আলম নদী সাঁতরে মানিকগঞ্জের সোনারচর এলাকায় তীরে উঠলেও বাকি তিনজনের সন্ধান মেলেনি।