পদ্মায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গতকাল মঙ্গলবার সাব্বির হোসেন (১০) ও ফয়সাল আল হোসেন (১৫) নামে দুই স্কুলছাত্র মারা গেছে। এ ছাড়া আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করা হয়েছে।সাব্বির জেলার চারঘাট উপজেলার সদরহ গ্রামের আবদুল গফুরের ছেলে ও সরদহ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ফয়সাল বাঘার মনিগ্রামের জাকির হোসেনের ছেলে ও মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।সাব্বিরের খালু বজলুর রহমান জানান, গত সোমবার সাব্বির ও তার খালাতো ভাই আলিমুল মঈন বাঘার আলাইপুর গ্রামে তার (সাব্বির) ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। আলিমুল সরদহ মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম ইমন আলী। বাড়ি একই গ্রামে।সাব্বিরের ভাইয়ের শ্বশুর মোজাম্মেল হক জানান, সকাল ১০টার দিকে তারা (সাব্বির ও আলিমুল) মনিগ্রামের যমজ দুই ভাই ফয়সাল ও ফাহিম আল হোসেনের সঙ্গে নদীতে নামে। পরে ফাহিম ছাড়া ওই তিনজন স্রোতে ভেসে যায়। এরপর সাব্বির ও আলিমুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে রাজশাহী থেকে ডুবুরিরা এসে অনেক খোঁজাখুঁজি করে বিকেল পাঁচটার দিকে ফয়সালের লাশ উদ্ধার করে। ফাহিমও বাঘার মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।ওই হাসপাতালের চিকিৎসক তানজিম আহাম্মেদ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সাব্বির মারা যায়। আলিমুলকে চিকিৎসা দেওয়ার পরে সে সুস্থ হয়ে ফিরে গেছে।এর আগে ২০ মার্চ উপজেলার চকরাজাপুর গ্রামে তিন শিশু পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, সাব্বির ও ফয়সালের লাশ উদ্ধার করা হয়েছে।