পদ্মায় ডুবোচরে আটকে গেছে ফেরি দুই ঘাটে যানজট
পদ্মা নদীর মাওয়া-কাওরাকান্দি রুটে গতকাল শুক্রবার সকালে ভাষাশহীদ বরকত নামের একটি ফেরি অর্ধশত যানবাহন নিয়ে মাঝনদীতে ডুবোচরে আটকা পড়েছে। রাত ১২টা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।জানা গেছে, শরীয়তপুরের কাওরাকান্দি থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে আসা বরকত ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায়। এতে ফেরিতে থাকা যানবাহনগুলোর শতাধিক যাত্রী চরম দুর্ভোগের পড়ে। পরে কয়েক কিলোমিটার ঘুরে কবুতরখোলা দিয়ে কাউলিয়ারচর হয়ে মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল করছে। এতে ফেরি পারাপারে এক ঘণ্টা সময় বেড়ে চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগছে। ফলে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের কাওরাকান্দি ঘাটে অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মায় মাঝনদীতে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় প্রায়ই ফেরি আটকে যাচ্ছে। এভাবে চললে ঈদের ছুটির সময় যাত্রীদের আরও বেশি সমস্যায় পড়তে হতে পারে।এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাঝনদীতে যানবাহনসহ বরকত ফেরিটি আটকা পড়ে। এরপর তা উদ্ধারে কয়েক দফা চেষ্টা চলে।মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তারিফ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘রাতে ফেরিটি উদ্ধারের সম্ভাবনা খুব কম বলে জানতে পেরেছি।’