পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল ক্ষতিগ্রস্ত ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌপথে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরিটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তবে গতকাল রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি নিরাপদে ঘাটে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ফেরির যাত্রী বরিশালের হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, ‘টাপলো’ নামের একটি ডাম্প ফেরি কাওরাকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় মাঝনদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কপোতী নামের একটি রো রো ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টাপলো ফেরির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি উঠতে থাকায় ফেরির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে উদ্ধারের আকুতি জানাতে থাকেন। রাত ১০টার দিকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে দ্বিতীয়বার যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা সবে ঘাটে পৌঁছেছেন। চালক ধীরগতিতে চালিয়ে ফেরিটিকে নিরাপদে ঘাটে পৌঁছাতে সক্ষম হয়েছেন। অপর যাত্রী সুমন হোসেন বলেন, ফেরিতে বাস, মাইক্রোবাসসহ ১০টি গাড়ি ছিল। দুর্ঘটনার পর আশপাশের কয়েকটি ফেরির দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা উদ্ধারের কোনো চেষ্টা করেনি। মাওয়া ঘাটের মহাব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল হক দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কাওরাকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ বলেন, ফেরির তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।