পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুটি স্পিডবোটের সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সসহ ঢাকায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেউ নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়াঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের দিকে রওনা হয়। অন্যদিকে ১৮ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দিঘাট থেকে অপর একটি স্পিডবোট মাওয়াঘাটের দিকে যাওয়ার সময় দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থান একটি মালবাহী ট্রলার যাচ্ছিল। যাত্রীদের চিত্কারে  ট্রলারটি এগিয়ে যায়। ওই ট্রলারে কিছু যাত্রীকে উদ্ধার করা হয়। খবর পেয়ে মাওয়াঘাট থেকে দুটি স্পিডবোট গিয়ে বাকী যাত্রীদের উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল তারেক (৩০), মাদারীপুরে শিবচরের বাসিন্দা মোস্তাফা (৩৩), শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামের বাসিন্দা সুজন (৩৫), লৌহজং উপজেলার কান্দিরপাড়া গ্রামের বাসিন্দা রিমনসহ (২৩) ১৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে পুলিশ কনস্টেবল তারেককে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দুর্ঘটনা এড়াতে রাতের বেলা সীবোট চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অমান্য করে মাওয়াঘাটের পুলিশ ও বিআইডব্লিউটিএ এক শ্রেনীর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রাতের বেলায় ঝুকি নিয়ে প্রায় সময় সীবোট চলাচল করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাওয়াঘাটের পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, দুটি সীবোটের সংঘর্ষের ঘটনায় সকল যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনো যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।