পদ্মায় দেওয়া সেই বাঁশের বেড়া অপসারণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর বেতকা এলাকায় গতকাল বৃহস্পতিবার সেই বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
২ মার্চ প্রথম আলোর বিশাল বাংলায় ‘পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতকা ও রাখালগাছী এলাকায় মৎস্য কার্যালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তাঁরা প্রায় তিন ঘণ্টা ধরে ওই বাঁশের বেড়া অপসারণ করেন। একই সময় বেড়ার সঙ্গে থাকা সব ধরনের জাল তুলে নিয়ে আসেন। পরে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায়, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দুলাল সরকার, উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় জানান, বেতকা এলাকার বেড়া থেকে প্রায় দুই লাখ টাকার বাঁশ ও দেড় লাখ টাকা মূল্যের জাল ধ্বংস করা হয়।