পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের লাশ পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে শনিবার বিকেলে নিখোঁজ হওয়া কলেজছাত্র আসলাম হোসেন রকির লাশ গতকাল সোমবার ভেসে উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করে। বিকেলে নগরের গোরহাঙ্গা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। আসলামের প্রতিবেশী শাহীন নামের এক যুবক জানান, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা পদ্মা নদীতে ব্যাপক অনুসন্ধান চালিয়েও লাশের খোঁজ পাননি। রোববার তাঁরা নদীর ধারে লাশের সন্ধানে ঘোরাফেরা করেছেন। গতকাল বেলা ১১টার দিকে নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে রকির লাশ ভেসে ওঠে। খবর দিলে পুলিশ গিয়ে দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দিয়ে দেওয়া হয়েছে। রকি রাজশাহী নগরের বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।