পদ্মায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ আজ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। ওই দুই শ্রমিক হলেন পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামের রহিজ প্রামাণিক (৫০) ও কুদ্দুস প্রামাণিক (৫৫)। গত রোববার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত ওই নৌকাটি ডুবে গেলে তাঁরা নিখোঁজ হন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে চর তারাপুর এলাকা থেকে বালু নিয়ে আটজন শ্রমিক পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ঘাটের কাছে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ছয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে রহিজ ও কুদ্দুস নিখোঁজ হন। এরপর পাটুরিয়া নৌ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর গতকাল সোমবার ভোর থেকে বেলা তিনটা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। আজ সকাল সাতটার দিকে দুর্ঘটনাস্থলের পাশে কুদ্দুসের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এরপর আজ বিকেল চারটার দিকে ঘটনাস্থলের অদূরে রহিজের লাশ ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের লাশ উদ্ধার করেন।

পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, কুদ্দুসের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই প্রক্রিয়ায় রহিজের লাশও স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।