পদ্মায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পদ্মা নদীতে বালুবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।
নিহত ওই দুই শ্রমিক হলেন পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামের রহিজ প্রামাণিক (৫০) ও একই গ্রামের কুদ্দুস প্রামাণিক (৫৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে চর তারাপুর এলাকা থেকে বালু নিয়ে আটজন শ্রমিক পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ঘাটের কাছে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। শ্রমিকদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠলেও রহিজ ও কুদ্দুস নিখোঁজ হন। গতকাল সকাল সাতটার দিকে দুর্ঘটনাস্থলের পাশে কুদ্দুসের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বিকেল চারটার দিকে ঘটনাস্থলের অদূরে রহিজের লাশ ভেসে ওঠে।
পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া কুদ্দুসের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রহিজের লাশও স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।