পদ্মায় নৌকা ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামে পদ্মা নদীতে নৌকা ডুবে গত বুধবার বিকেলে অনিক কুমার পাল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বাড়ি ঢাকার ধামরাইয়ে৷

এ ব্যাপারে লালপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। অনিকের কাকা অনুপ কুমার পালের কাছে গতকালই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। অনুপ কুমার বলেন, অনিক এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

৫ মে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের জগন্নাথ ধাম আশ্রমের গুরুদেব ব্রজমোহন ব্রহ্মচারীর সফরসঙ্গী হিসেবে ঢাকার ধামরাইয়ের যুুক্তরাষ্ট্রপ্রবাসী শান্তি রঞ্জন পালের একমাত্র ছেলে অনিক কুমার পাল (১৭) বিলমাড়ীয়া গ্রামের হীরেন চৌধুরীর বাড়িতে আসে। বুধবার বিকেলে তারা সাত-আটজন একটি মাছ ধরা নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াতে বের হয়। একপর্যায়ে বাতাসের কবলে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। অন্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অনিকের সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে জেলেদের জালের সঙ্গে জড়িয়ে তার মরদেহ ভেসে ওঠে৷