পদ্মায় নৌকাডুবি উদ্ধার ১১ অনেকে নিখোঁজ
পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীর পাকশী অংশে নৌকাভ্রমণে বের হওয়া ৩০-৩৫ জনকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাবনার আটঘরিয়ার কবির হোসেনের ছেলে জিল্লুর রহমানকে (২৪) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া নৌকার মাঝি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার লিটনকে পাকশী পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ, দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে পদ্মা নদী থেকে হিয়া (৮) ও সোনালী (১০) নামের দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের সঙ্গে থাকা হিয়ার বাবা আবদুল হাকিম ও সোনালীর বাবা আবদুর রউফকে পাওয়া যায়নি। ঈশ্বরদীর ভাড়ইমারি এলাকার রনি (১২) নামের এক শিশুকেও উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ঈদের আনন্দ উপভোগ করতে আসা শিশুসহ ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষ একটি নৌকায় করে ঈশ্বরদীতে পদ্মা নদীর পাকশী অংশে ভ্রমণে বের হন। নৌকাটি পদ্মা নদীর পাকশী প্রান্তের লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজের মাঝামাঝি স্থানে এলে নদীর একটি ডুবোচরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় নৌকার ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে।