পদ্মায় নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিণবাড়িয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত দু্ইশিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়।
যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলো চররামনগরের হালিমা বেগম (৪০), তাঁর মেয়ে ফরিদা আক্তার (১৮), সাদারচরের বেগম (৩৫) আলোকবাড়িয়া এলাকার রাজু (৫), তার ভাই রাহুল (১০)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হরিণবাড়িয়া ঘাট থেকে কিছুটা দূরে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা বনভোজনের একটি ট্রলার কয়েকজনকে উদ্ধার করে। অনেকে সাঁতরে তীরে আসেন। এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে যাওয়া ডুবুরি দল সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। নৌকাটি ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। ইঞ্জিনচালিত নৌকাটি যাত্রী পারাপার করত বলে স্থানীয় লোকজন জানান। সাদারচরের দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমানের ভাষ্য, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।