পদ্মা নদীতে পানির প্রাপ্যতা কম থাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালাতে ‘কুলিং টাওয়ার’ করতে হবে। এই কুলিং টাওয়ার করতে গেলে প্রকল্পের ব্যয়ও বেড়ে যাবে।
দেশি ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, পদ্মা নদীতে বর্তমানে পানির যে প্রাপ্যতা, তা দিয়ে রূপপুরে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানো সম্ভব হবে না। এখন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসঅ্যাটম পানির অভাবের কথা সরাসরি না বললেও কুলিং টাওয়ারের কথা বলছে। সংস্থাটি কয়েক দিন আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য কারিগরি ও অর্থনৈতিকভাবে সর্বাধিক উপযোগী কুলিং টাওয়ার কোনটি হতে পারে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় পানির প্রাপ্যতা নিশ্চিত হলে কুলিং টাওয়ার করার দরকার হতো না। নদীর পানি ‘কনডেনসারে’ ঢুকিয়ে ঠান্ডা করে তা ব্যবহারের পর আবার নদীতে ছাড়া হতো। পানি কম পাওয়া গেলে কুলিং টাওয়ার করে সীমিত পরিমাণ পানিই বহুবার ব্যবহার করা যায়। অনেকটা গাড়িতে পানি ব্যবহারের মতো। তবে এ ক্ষেত্রে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পদ্মা থেকে প্রয়োজনীয় পানি পাওয়া না-পাওয়ার বিষয়ে জানতে চাইলে দেশের অন্যতম পরমাণুবিশেষজ্ঞ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ড বিভাগের সাবেক কর্মকর্তা এ বি এম নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুই হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র ওখানে করতে হলে কুলিং টাওয়ার ছাড়া উপায় নেই।’ তিনি বলেন, ১৯৮০ সালে রূপপুরের কাছে পদ্মার প্রবাহ ছিল ২৩ হাজার কিউসেক (প্রতি সেকেন্ডে ২৩ হাজার ঘনমিটার)। এখন তা নয় হাজার কিউসেকে নেমেছে। তার পরও উজানে ভারত আরও একাধিক বাঁধ তৈরি করতে চাইছে। ফলে পানির প্রাপ্যতা এখনকার চেয়েও কমার আশঙ্কা রয়েছে।
গত বছরের ১১ ডিসেম্বর রূপপুরে প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে সেখানে কর্মরত কয়েকজন রুশ বিশেষজ্ঞও এই প্রতিবেদককে জানিয়েছিলেন, এখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমিকম্প প্রতিরোধ ও পানিস্বল্পতা মোকাবিলায় বাড়তি বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রকৌশল ও প্রযুক্তিগত দিক দিয়ে এই ব্যবস্থা নেওয়া কোনো সমস্যা না। তবে এ জন্য প্রকল্পের ব্যয় বেড়ে যাবে।
এ ছাড়া বিদেশে বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি কয়েকজন বিশেষজ্ঞ পেশাজীবী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় পানির সমস্যা হবে বলে ২০১০ সাল থেকেই বলে আসছেন।
১৫ ফেব্রুয়ারি রোসঅ্যাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অঙ্গপ্রতিষ্ঠান ‘অ্যাটমপ্রয়েক্ট’-এর বিশেষজ্ঞরা রূপপুরের জন্য দুই ধরনের কুলিং টাওয়ার বিবেচনায় নিয়ে পরীক্ষা করে দেখছেন। এর একটির নাম ‘ন্যাচারাল ড্রাফট’, অন্যটি ‘ভেন্টিলেটর টাইপ’। একটি আধুনিক ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ারের উচ্চতা হয় ১৮০ মিটার পর্যন্ত। এটি ঘণ্টায় ১ লাখ ৭০ হাজার ঘনমিটার পানি ঠান্ডা করতে পারে। ভেন্টিলেটর টাইপ কুলিং টাওয়ারে বাইরে থেকে বাতাস টেনে ভেতরে নেওয়ার জন্য বিপুলসংখ্যক ভেন্টিলেটর স্থাপন করতে হয়, যার মোটরগুলো চালাতে প্রচুর বাড়তি অর্থ ব্যয় হয়। কিন্তু বাংলাদেশের তাপমাত্রায় বাতাসের আর্দ্রতা বেশি হওয়ায় এ পদ্ধতিকেই বিশেষজ্ঞরা উপযোগী বলে মনে করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বর্তমানে রূপপুর প্রকল্পের সমীক্ষা চলছে। ২০১৩ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সমীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। প্রকল্প এলাকার আবহাওয়া, ভূতাত্ত্বিক অবস্থা, পানি পরিস্থিতি, ভূমিকম্প ও মাটির বিভিন্ন ধরনের অনুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা এ সমীক্ষার অন্তর্ভুক্ত। এর প্রথম পর্যায় শেষে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। প্রকল্পের প্রকৃত ব্যয় নির্ধারিত হবে সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।
সরকার ২০২০-২১ সালে এ প্রকল্পের প্রথম পর্যায়ে এক হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।