পদ্মায় পানি কমছে, দুর্ভোগ কমেনি
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু কূল উপচে এরই মধ্যে যেসব অঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে ভোগান্তির মধ্যে রয়েছে মানুষ। পানি কমলেও চাঁপাইনবাবগঞ্জের ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে এখনো পাঠদান বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
গত রোববার সারা দিন পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এবং ওই দিন সকালেই রাজশাহী শহর রক্ষা বাঁধের মূল অবকাঠামো ‘টি গ্রোয়েন’-এ ভাঙন দেখা দেয়। এতে আতঙ্কে ছিল নগরবাসী। তবে গতকাল সারা দিন কমতে থাকে পদ্মার পানি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, টি গ্রোয়েন নিয়ে নগরবাসীর আতঙ্কের আর কোনো কারণ নেই। পানিও কমেছে। জিও ব্যাগ ফেলে ইতিমধ্যে ভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে ঝুঁকি এড়াতে গ্রোয়েনের ইটের অংশ বাদ দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে।
পাউবোর পানিবিজ্ঞান উপবিভাগের উপপ্রকৌশলী আলী মর্তুজা গতকাল বলেন, ‘রাজশাহীতে সারা দিনে ৫ সেন্টিমিটার পানি কমেছে। রাজশাহীর উজানে আর কোনো বৃষ্টিপাত না হলে আগামীকাল (আজ) পানি অনেকটাই কমে যাবে।’
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি ৩ সেন্টিমিটার কমেছে। সেখানে গতকাল বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে জেলার নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, সদর ও শিবগঞ্জ উপজেলার ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। শিবগঞ্জ উপজেলার চরপাকা, মনাকষা, সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি, দেবীনগর, ইসলামপুরসহ চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের ২১৫ হেক্টর জমির রোপা এবং ৭০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাজদার রহমান।
কুষ্টিয়া পাউবোর এক কর্মকর্তা বলেন, গতকাল সন্ধ্যায় হার্ডিঞ্জ সেতু এলাকায় পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগের দিন এ সময় পানি ছিল বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। ফলে দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪১টি গ্রামে পানি কমতে শুরু করেছে। সেখানে এখন পানিবাহিত রোগ দেখা দিয়েছে।