পদ্মায় পানি বেড়ে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার পানি বৃদ্ধির কারণে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়কটি (ডাইভারশন) তলিয়ে গেছে। গত শনিবার থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও শ্রমিকেরা। রাস্তা বন্ধ থাকায় অতিরিক্ত ২০ কিলোমিটার পথ ঘুরে যান চলাচল করছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, চলতি বর্ষায় দুই সপ্তাহ ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। এসব পানি খাল-বিল হয়ে সিঙ্গাইর উপজেলায় নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এ পানিতে কিটিংচর এলাকায় নির্মাণাধীন সেতুর দক্ষিণ পাশের বিকল্প নিচু সড়কটি তলিয়ে যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কারণে সেতুটি নির্মাণ করতে অতিরিক্ত সময় লাগছে। তা ছাড়া বন্যার প্রাদুর্ভাব দেখেও কর্তৃপক্ষ বিকল্প সড়কটি উঁচু করার ব্যবস্থা নেয়নি।
মানিকগঞ্জ সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অমিত চক্রবর্তী বলেন, তলিয়ে যাওয়া অংশে বালু, মাটি ও ইট ফেলে যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।