পদ্মায় প্রচণ্ড স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। গতকাল বৃহস্পতিবার এ নৌপথে ১৫টি ফেরির মধ্যে মাত্র চারটি ফেরি চলাচল করে। এ কারণে দুই পাশে সৃষ্টি হয়েছে প্রচণ্ড যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।এদিকে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলী শরীয়তপুর যাওয়ার জন্য মাওয়াঘাটে আসেন। কিন্তু নদীর স্রোত দেখে তিনি ঢাকায় ফিরে যান।বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, পদ্মার পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। গত তিন দিনে পদ্মার পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে।সূত্র জানায়, মঙ্গলবার ১৩ সেন্টিমিটার, বুধবার নয় সেন্টিমিটার ও গতকাল আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেরির বিকল্পপথ লৌহজং-মাগুরখণ্ড ও নাওডোবা চ্যানেল দিয়ে চলাচল করছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মাওয়া-কাওরাকান্দি নৌপথে চলাচলকারী ১৫টি ফেরির মধ্যে গতকাল মাত্র চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। প্রচণ্ড স্রোতের কারণে ওই চারটি ফেরিকেও চলতে হয়েছে ধীরগতিতে। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।গতকাল সকালে ট্রাকচালক মনির হোসেন বলেন, গত বুধবার রাত ১১টা থেকে তিনি এখানে আটকা পড়ে আছেন। তিনি কাঁচামাল নিয়ে শরীয়তপুর যাবেন। সময়মতো পৌঁছতে না পারলে বড় রকমের আর্থিক ক্ষতি হয়ে যাবে। মাওয়াঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, নদীতে প্রচণ্ড স্রোত। এ কারণে ফেরিগুলো চলছে ধীরগতিতে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে এমন স্রোতের সৃষ্টি হয়েছে। মাওয়াঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খন্দকার খালিদ হোসেন জানান, স্রোতের কারণে মাওয়াঘাটে প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা যাতে সমস্যায় না পড়ে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।