পদ্মায় প্রাণ হারাল তিন ভাইয়ের তিন শিশুকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গতকাল বুধবার দুপুরে আপন তিন ভাইয়ের তিন শিশুকন্যা ডুবে মারা গেছে। তাদের বাড়ি উপজেলার চকরাজাপুর গ্রামে। তারা কেউ সাঁতার জানত না। এরা হচ্ছে তারা মোল্লার মেয়ে রানী খাতুন (৭) বাক্কার মোল্লার মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও লালন মোল্লার মেয়ে পপি খাতুন (১০)। তারা সবাই চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শী ও তাদের প্রতিবেশী আজিজুল বিশ্বাস বলেন, বাক্কার মোল্লার বড় মেয়ে তানিয়া (১০) তার অপর তিন বোনকে সঙ্গে নিয়ে বেলা দুইটার দিকে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় অনেক মানুষ নদীর ঘাটে গোসল করছিল। সবার অলক্ষ্যে একসময় তারা গভীর পানিতে চলে যায়। তাদের মধ্যে শুধু তানিয়া সাঁতার জানত। সে তাদের ধরতে গিয়ে নিজেই ডুবে যাচ্ছিল। তার চিৎকার শুনে ঘাটের লোকজন বিষয়টি খেয়াল করে। তারা প্রথমে তানিয়াকে উদ্ধার করে। সে ততক্ষণে পানি খেয়ে প্রায় অচেতন হয়ে গেছে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ পদ্মা নদীতে নেমে ডুব দিয়ে হারানো তিন শিশুকে খুঁজতে থাকে। বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়।তিন শিশুকে কাঁধে করে পদ্মার ১৫ কিলোমিটার চর পার হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দিলি আরা বলেন, হাসপাতালে আসার আগেই তিন শিশু মারা গেছে। ঘণ্টা খানেক আগে হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাদের বাঁচানো যেত। প্রতিবেশী বাবলু দেওয়ান বলেন, তানিয়ার অবস্থার উন্নতি হয়েছে। এ জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়নি। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন শিশুর লাশ হাসপাতাল থেকে আবার কাঁধে করে চকরাজাপুর গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, তিনি শিশুর মৃত্যুতে সারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই পারিবারিক কবরস্থানে তাদের দাফন করার কথা।