পদ্মায় ফের বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দেবগ্রাম ইউনিয়নের সাজাপুর ও পাশের কাশীনগর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বাঁশের দুটি বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের প্রজনন ও অবাধ বিচরণ এবং নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।এর আগে গত ফেব্রুয়ারিতে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের কয়েকটি স্থানে পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছিল। এ নিয়ে ৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসকের নির্দেশে ৯ ফেব্রুয়ারি তা উচ্ছেদ করা হয়।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দেবগ্রাম ইউনিয়নের সাজাপুর এলাকায় নদীর এক প্রান্ত থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ আড়াআড়ি বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বেড়ার সঙ্গে সুতি, বেওঁত, ঘনকনা, ইলিশ মারা ও কারেন্ট জাল পাতা রয়েছে। মাছ শিকারে ব্যস্ত স্থানীয় চর দেলন্দি এলাকার শহিদুল বেপারি (৬০) জানান, প্রায় চার মাস আগে এই বাঁধ নির্মাণ করতে আট-নয় লাখ টাকা খরচ হয়েছে। তিনিসহ পাঁচজন শ্রমিক রয়েছেন। প্রতিদিন ২০০ টাকা করে মজুরি ও খাওয়ার জন্য মাছ পান। বেড়ার মূল মালিক ১৮ জন। প্রথম দিকে প্রতিদিন প্রায় সাত-আট হাজার টাকার মতো মাছ পাওয়া যেত। এখন দুই-তিন হাজার টাকার বেশি পাওয়া যায় না। বেড়ার অন্যতম মালিক সাইমদ্দিন প্রামাণিক ওরফে কাসেম প্রামাণিক (৪২) জানান, চার-পাঁচ মাস আগে একবার ম্যাজিস্ট্রেট এসে সব ধ্বংস করে দেন। কিছুদিন বসে থাকার পর জায়গা পরিবর্তন করে সাজাপুরে ১৮ জন মিলে বেড়া দেন। বেড়া দেওয়া অবৈধ ও ধ্বংসের পর নতুন করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভাই, আমরা এই ব্যবসাই করে খাই। লাভ-লস যা-ই হোক, নদীর মানুষ নদীতেই থাকতে হবে, বৈধ-অবৈধ বুঝি না।’ উজানে থাকা আরেকটি বেড়া দেখিয়ে কাসেম বলেন, ‘তারাও মাছ ধরছে।’এ সময় কয়েক শ গজ উজানে অবস্থিত উপজেলার সীমান্তবর্তী কাশীনগর এলাকায় গিয়ে জানা যায়, রাজবাড়ীর দারোগ আলী, ছমির, মজিদসহ পাবনা অঞ্চলের ভাষান হালদার, কানু হালদারসহ কয়েকজন ভাগিদার বেড়া দিয়ে মাছ শিকার করছেন। বেড়ার কাছে কাউকে পাওয়া যায়নি। একটু দূরে নৌকায় ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় পাবনার বেড়ার পানপাড়া গ্রামের ছোরমান মোল্লাকে (৩২)। তিনি জানান, ১৫-১৬ জন মিলে এই বেড়া দিয়েছেন।এভাবে বেড়া দিয়ে নদীতে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান। একই ধরনের কথা বলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী সামিয়া ইয়াসমীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’