পদ্মায় ফেরিতে যানবাহন পারাপার নিয়ে নতুন নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সোমবার সন্ধ্যায় এই ফেরিটিই পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে
ফাইল ছবি

তিন সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর পিলারে তিন দফায় ফেরির ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে সেতুর ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে যানবাহন পারাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ মঙ্গলবার রাতে ঢাকার অফিসার্স ক্লাবে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, যত দিন নদীতে তীব্র স্রোত থাকবে, তত দিন ফেরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ভারী যানবাহন তোলা যাবে। বাকিটা হালকা যানবাহন থাকবে। এতে ফেরি হালকা থাকবে।

এ ছাড়া সতর্কতা হিসেবে পদ্মা সেতুর পিলারে রাবারের আস্তর দেওয়া যায় কি না, সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে। সেতু বিভাগ বলছে, ফেরি দুর্ঘটনায় বিপুল প্রাণহানির আশঙ্কা থাকায় বিষয়টিকে হালকাভাবে দেখছে না তারা। এ জন্য সোমবার লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্তের আবেদন করা হয়েছে।

গত ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোরে ধাক্কা খায়। সব কটি ঘটনায় পিলারের পানির লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেরির ধাক্কায় সেতুর মৌলিক কোনো ক্ষতি না হলেও বারবার ধাক্কা তাঁদের ভাবনায় ফেলেছে। এ জন্য সুরক্ষার জন্য বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

সেতু বিভাগ সূত্র জানায়, সেতুর নকশা প্রণয়নে যুক্ত বিশেষজ্ঞরা শুরু থেকেই নৌযানের ধাক্কা সামলাতে রাবারের আস্তর না দেওয়ার পক্ষে ছিলেন। কারণ, গত ২০০ বছরে এই নৌপথ দিয়ে যত নৌযান চলেছে, ভবিষ্যতে যেসব নৌযান চলতে পারে—এসব কিছু বিশ্লেষণ করে নকশা প্রণয়ন করা হয়েছে। নকশা অনুসারে, সর্বোচ্চ ৪ হাজার টন সক্ষমতার নৌযানও সেতুর পিলারে ধাক্কা লাগালে সেতুর মূল ভিত্তি বা পুরো অবকাঠামোর মৌলিক কোনো ক্ষতি হবে না। পদ্মা নদীতে চলাচলকারী ফেরিগুলো এক হাজার টনের আশপাশের। এ ছাড়া ৯ মাত্রার ভূমিকম্প-সহনীয় এই সেতু।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কোনো নৌযান দুর্ঘটনাক্রমে ধাক্কা দিলেও তা মূল পিলারে লাগবে না। কারণ, পানি থেকে কিছুটা ওপর পর্যন্ত পিলারের চারপাশে ৫০ ফুটের মতো জায়গা আছে, যা অনেকটা ষড়ভুজের মতো। এটাকে পাইল ক্যাপ বলা হয়। অর্থাৎ পানির কাছে পিলারটির চারদিক সুরক্ষিত রাখে এই ষড়ভুজ আকারের পাইল ক্যাপ। এ ছাড়া আগামী বছরের মাঝামাঝিতে সেতু চালু হয়ে গেলে ফেরির প্রয়োজনীয়তা কমে আসবে। ফলে ধাক্কার ঝুঁকিও কমে যাবে। কিন্তু এই সেতু জাতীয় গর্ব ও এর সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সুরক্ষার বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে।

পদ্মা সেতুর মূল সেতু (নদীর অংশ) ৪১টি স্টিলের স্প্যান দিয়ে জোড়া দেওয়া হয়েছে। এসব স্প্যান বসেছে ৪২টি পিলারের মধ্যে। এক পিলার থেকে অন্য পিলারের দূরত্ব ১৫০ মিটার। নদীর পানি থেকে প্রায় ১৮ মিটার উঁচু পদ্মা সেতুর তলা। পদ্মা নদীর পানির প্রবাহ পরিবর্তন হয়। কখনো মাওয়া প্রান্তে, কখনো জাজিরা প্রান্তে সরে যায়। আবার মাঝখান দিয়েও স্রোত প্রবাহিত হয়। এ জন্য নৌযান চলাচলের পথ সব স্থানেই সমান উচ্চতায় রাখার জন্য এভাবে নকশা প্রণয়ন করা হয়। এ অবস্থায় পাইল ক্যাপে রাবারের আস্তর দিতে হলে প্রতিটি পিলারেই তা করতে হবে, যা ব্যয়বহুল এবং এর রক্ষণাবেক্ষণে একটা খরচ সব সময় বহন করতে হবে।

মাস্টার, সুকানির অদক্ষতাকেই দুষছে বিআইডব্লিউটিসি

পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার কারণ হিসেবে ইনল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানির অদক্ষতাকে দায়ী করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল সংস্থার এক আদেশে ইনল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা করা হয়। তাঁদের নামে বিভাগীয় মামলা হবে।

ওই আদেশে বলা হয়েছে, ‘ভারপ্রাপ্ত মাস্টার অফিসার ও হুইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরিটি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। দায়িত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে তাঁদের ফেরিটি সাবধানতার সঙ্গে পরিচালনা করা উচিত ছিল। পদ্মা সেতুর নিচে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তবে ইনল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেছেন, তীব্র স্রোতের কারণে সেতুর পিলারের কাছে ঘূর্ণি তৈরি হয়। ফলে স্রোতের দিকে ফেরি চালানোর সময় নিয়ন্ত্রণ করা যায় না। ঘূর্ণির কারণে ফেরি চালাতে অসুবিধার কথা আগেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ ঘটনার কারণ খতিয়ে দেখতে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের পরিচালক মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগের গত ২৩ জুলাইয়ের দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রোববার সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে ফেরির মাস্টার, সুকানিসহ ফেরি পরিচালনায় সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষা করা ও আবশ্যকীয় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা, ব্রিজের পিলারে নেভিগেশনাল বাতি ও রাবারের আস্তর দেওয়া, পিলারের দুই দিক থেকে দৃশ্যমান চিহ্ন রাখা।
[তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রতিনিধি, মুন্সিগঞ্জ ও মাদারীপুর]