পদ্মায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, 'নিখোঁজ' ৩
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় পাবনার কাজিরহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলার থেকে উদ্ধার হওয়া যাত্রীরা বলেছেন, ট্রলারে তাঁরা মোট ১৬ জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে ১৩ জন উদ্ধার হলেও তিনজন এখনো নিখোঁজ আছেন। তবে পুলিশের দাবি, সবাইকেই উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রী শফিক শিকদার (২৬) জানান, তাঁরা ঢাকা যাওয়ার উদ্দেশে পাবনার কাজিরহাট ঘাটে আরিচার ট্রলারের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আরিচার ট্রলার না পেয়ে বাধ্য হয়ে বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়ার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রলারটি দৌলতদিয়া ফেরিঘাটের কাছে মূল পদ্মা নদী থেকে বের হয়ে অ্যাপ্রোচ চ্যানেলে প্রবেশ করছিল। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ইউটিলিটি ফেরি শাপলা-শালুকের সঙ্গে সংঘর্ষ লাগলে ট্রলারটি ডুবে যায়।
শফিক আরও বলেন, খবর পেয়ে দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশ ও স্থানীয় লোকজন তিনটি ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধারে নামে। রাত পৌনে নয়টা পর্যন্ত ট্রলারে করে আটজন এবং ফেরিতে করে পাঁচজন যাত্রী উদ্ধার হয়। কিন্তু তাঁদের সঙ্গে থাকা রাজীব, লিখনসহ তিন জনের সন্ধান তাঁরা পাচ্ছেন না।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সংবাদ শুনেই স্থানীয় লোকজন দিয়ে ট্রলারে করে আটজন, ফেরিতে পাঁচজন এবং পাটুরিয়া ঘাটে দুজন যাত্রী উদ্ধার করা হয়েছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে পদ্মা নদীর দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাটের কাছে ৩০ বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের সহযোগিতা ও নিজেদের প্রচেষ্টায় কাল ওই ট্রলারটির সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন