পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় একটি চক্র অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে।
সরেজমিনে গতকাল বুধবার দৌলতদিয়ার নোহারী মণ্ডলপাড়ায় দেখা যায়, নদীর পার থেকে শুরু করে প্রায় আধা কিলোমিটার নদীর ভেতর পর্যন্ত বাঁশ দিয়ে বাঁধ তৈির করা হয়েছে। বাঁধের সঙ্গে পাইর জাল, ঘর জাল ও গুটি জাল পুঁতে রাখা হয়েছে। এ ছাড়া বাঁধের তিনটি স্থানে সুতি জালের ফাঁদ পাতা হয়েছে। এই ফাঁদে নানা প্রজাতির ছোট মাছ আটকা পড়ছে। এ ছাড়া অন্যান্য জালে ইলিশ, আইড়, পাঙাশ, রুই-কাতলা আটকা পড়ছে। এ সময় দুটি নৌকায় থাকা ছয়জনকে বাঁধ থেকে জাল তুলতে দেখা যায়। প্রায় এক মাস ধরে এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে বলে স্থানীয় কয়েকজন জানান৷ এতে নদীপথে চলাচলকারী বিভিন্ন পণ্য ও যাত্রীবাহী যান চলাচল ব্যাহত হচ্ছে৷
দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারে নিয়োিজত ব্যক্তিদের দলনেতা গোবিন্দ হালদার (৫০) জানান, তিনিসহ নিপেন হালদার পাবনার বেড়া থেকে এসে স্থানীয় ইদ্রিস নামের এক ব্যক্তির সহযোগিতায় কিছুদিন আগে বাঁধটি দিয়েছেন। তাঁরা জনপ্রতি মাসিক আড়াই হাজার টাকা বেতনে পাঁচজন শ্রমিক রেখেছেন। এ ছাড়া দৈনন্দিন খরচ ও বাকি দুজনকে দেওয়ার পর তাঁর সামান্য লাভ থাকে। তা ছাড়া স্থানীয় অনেকেই এসে মাছ নিয়ে যান, কিন্তু কোনো টাকা দেন না। তাঁদের বাঁধ থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে পদ্মা নদীতে জেগে ওঠা চরের গাঘেঁষে ছোট আরেকটি বাঁধ দিয়েছেন ইদ্রিস নামের স্থানীয় ওই ব্যক্তি।
মাছ শিকারে ব্যস্ত শ্রমিক পাবনার বেড়া উপজেলার ত্রিমোহনী গ্রামের কাশু হালদার, হারু, মান্নান শেখ, শুকুর প্রামাণিক ও গেদা শেখ জানান, তাঁদের মাসিক আড়াই থেকে তিন হাজার টাকা বেতনে এখানে কাজ করতে আনা হয়েছে। তাঁরা প্রতি ২৪ ঘণ্টায় অন্তত চার-পাঁচবার বাঁধের জাল থেকে মাছ তোলেন। তাঁদের এলাকার আরও বেশ কয়েকজন উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় থেকে উজানে রাজবাড়ীর মিজানপুর এলাকায় আরেকটি বাঁধে কাজ করছেন। এ ছাড়া দৌলতদিয়াঘাট বরাবর পাটুরিয়াঘাট থেকে কয়েক কিলোমিটার উজানে যমুনা নদীতে রয়েছে আরেকটি বাঁধ। সেখানেও স্থানীয় লোকজন তাঁদের এলাকার জেলেদের মাধ্যমে এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, মাছ ধরতে নদী-জলাশয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে কোনো ধরনের বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে প্রথমবারের জন্য ছয় মাসের জেল বা এক হাজার টাকা জরিমানা এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে এক বছরের জেল বা দুই হাজার টাকা জরিমানা দিতে হবে।
অভিযুক্ত ইদ্রিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি৷
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান জানান, দৌলতদিয়ায় নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের বিষয়টি জানার পর বাঁধ সরিয়ে নিতে গত সোমবার নিপেন হালদার নামের এক ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে৷ দুই দিনের মধ্যে বাঁধ না সরানো হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’