পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় মিজানপুর ইউনিয়নের মালিকান্দা এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সদর উপজেলার দাদশী ইউনিয়নের বাসিন্দা আবদুল মজিদ বিশ্বাস, পাবনা অঞ্চলের সাগর কুমার হালদারসহ মোট পাঁচজন অংশীদারি ভিত্তিতে মিজানপুর ইউনিয়নের শেষ প্রান্ত ও বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শেষ প্রান্তে নদীতে বাঁশের বেড়া দেন। প্রায় সপ্তাহ খানেক আগে নদীতে এই বেড়া দেওয়া হয়। নদীতে প্রধানত ইলিশ মাছ পাওয়া যায়। তবে ইলিশ ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার  সরেজমিনে দেখা যায়, পানি কমে যাওয়ায় ধীরে ধীরে স্রোত বইছে। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পদ্মা নদীতে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। প্রায় ৫০০ মিটার লম্বা এই বেড়ায় আড়াই শতাধিক বাঁশ ব্যবহার করা হয়েছে। বেড়ার বাঁশের মাঝখান দিয়ে জাল পাতা হয়েছে। জালের ময়লা পরিষ্কার করার কাজ করছেন চারজন মৎস্যজীবী।

অভিযুক্ত আবদুল মজিদ বিশ্বাস বলেন, ‘এখন নদীতে তেমন মাছ ধরা পড়ে না। কয়েক দিন আগে নদীতে বেড়া দেওয়া হয়েছে। বেড়া দেওয়ার পরেও তেমন মাছ পাওয়া যায়নি। গরম না পড়লে মাছ পাওয়ার তেমন সম্ভাবনা নেই। কোনো উপায় না পেয়ে বাঁশের বেড়া দিয়েছি।’

সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, উন্মুক্ত জলাশয়ে মাছের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়, এমন কোনো বাঁধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। মাছ ধরার নিষিদ্ধ সময়ে সদর উপজেলায় ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৪৭ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আটক অন্য জেলেদের আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়। তবে মাছ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের আর্থিক সহায়তা দেওয়া হয়নি। 

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে বা অন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরা আইনত দণ্ডনীয়। পদ্মা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়ে জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে বেড়া উচ্ছেদ করা হবে।

ইউএনও সৈয়দা নূরমহল আশরাফী জানান, নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার বিষয়টি তিনি অবগত নন। মাছের সাধারণ গতিপথে কারও বাধা দেওয়ার সুযোগ নেই। ইউপি চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।