পদ্মায় বালুবাহী ট্রলার ডুবে নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রলারটি ডুবে যায় শিমুলিয়া ঘাট সংলগ্ন নির্মাণাধীন পদ্মা সেতুর কাছে। এটি দেখতে পেয়ে চায়না মেজর ব্রিজের কর্মীরা চারটি ট্রলারে করে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মূল পদ্মা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ।  ছবি: ফোকাস বাংলা
ট্রলারটি ডুবে যায় শিমুলিয়া ঘাট সংলগ্ন নির্মাণাধীন পদ্মা সেতুর কাছে। এটি দেখতে পেয়ে চায়না মেজর ব্রিজের কর্মীরা চারটি ট্রলারে করে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মূল পদ্মা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ। ছবি: ফোকাস বাংলা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ৩০ জন যাত্রী নিয়ে বালুবাহী একটি ট্রলার ডুবে গেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

তিনজন ছাড়া সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। ওই তিনজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কিছু সময় পর জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন দুটি ট্রলার ডুবে গিয়েছে এবং ৩৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ তিনজন হলেন পাবনার ভাঙ্গুরা উপজেলার সুলতানপুর গ্রামের সোহেল (৩২), একই উপজেলার চাদপুর গ্রামের জাহাঙ্গীর (৩৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার থামাহীলদাহ গ্রামের জাকির হোসেন (৩২)। ঘটনাস্থল থেকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান তাঁদের পরিচয় নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিখোঁজ ও বেঁচে যাওয়া যাত্রী সবাই মাটি কাটার শ্রমিক। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া এলাকায়।

বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, ফরিদপুরের সদরপুর উপজেলার বোয়ালখালী এলাকা থেকে ইটভাটার জন্য মাটি কেটে নিয়ে বেলা দুইটার দিকে আকিব এন্টারপ্রাইজ নামের বালুবাহী একটি জাহাজ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলীর দিকে যাচ্ছিল। পথে লৌহজং-এ শিমুলিয়াঘাট সংলগ্ন নির্মাণাধীন পদ্মা সেতুর কাছে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে মুখে ট্রলারটি ডুবে যায়। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে শিমুলিয়া ঘাট স্পিডবোট চালকেরা দ্রুত যাত্রীদের উদ্ধারে এগিয়ে যায়। এ সময় স্পিডবোট চালকেরা বয়া ফেলে রশি দিয়ে টেনে তুলে ২৭ জনকে উদ্ধার করে।

বেঁচে যাওয়া যাত্রী মাটিকাটার শ্রমিক মোজাম্মেল হক (৩০) জানায়, তাদের ট্রলারে ৩০ জন শ্রমিক ছিলেন। তিনি ১৬ জনকে উদ্ধার করতে দেখেছেন। বাকিদের কী অবস্থা তা বলতে পারবেন না।

আকিব এন্টারপ্রাইজের চালক সেকান্দার আলী জানান, ট্রলারে ৩০ জন যাত্রী ছিল। বেঁচে গেছে এমন ২৭ জনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, নদীতে ঢেউ থাকায় দমকলবাহিনীর ডুবুরি এসেও কোনো কাজ করতে পারছে না।