পদ্মায় বিলীন ৮০০ বসতভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রাম বিলীন হওয়ার পথে। গত ২২ দিনে গ্রামটির ৬০০ পরিবারের বসতভিটা নদীতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে বাকি ২০০ পরিবার।

এ দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে নয় দিনে দুই শতাধিক পরিবারের বসতভিটা পদ্মায় বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে সহস্রাধিক পরিবার।

জাজিরা উপজেলার কলমিরচর বাসিন্দা সূত্রে জানা যায়, পদ্মার প্রবল স্রোতে ৬ আগস্ট থেকে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামে ভাঙন শুরু হয়। তিন দফার ভাঙনে গতকাল রোববার পর্যন্ত গ্রামটির ৬০০ পরিবার গৃহহীন হয়েছে। কলমিরচর বাজারটি নদীগর্ভে তলিয়ে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার ২২০টি ব্যবসা প্রতিষ্ঠান। গৃহহীন পরিবারগুলো পাশের ঈশ্বরকাঠি, চেরাগআলী, ব্যাপারীকান্দি ও বিলাশপুর গ্রামে ফসলি জমি ও বিদ্যালয়ের মাঠে আশ্রয় নিয়েছে। ভাঙন যেভাবে এগিয়ে আসছে, তাতে গ্রামটির বাকি ২০০ পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়েছে। এসব পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন। কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরিয়ে নেওয়া হয়েছে। হুমকিতে রয়েছে আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের তিনটি ভবন ও কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ভাঙনের আশঙ্কায় অনেক পরিবার বসতঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নদীতে তীব্র স্রোত, তীরে নৌকা ভেড়ানো যাচ্ছে না। অন্য কোনো বাহনও নেই। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস সরাতে গিয়ে বিপাকে পড়ছেন তাঁরা। মজুর না পাওয়ায় পাকা ও আধা পাকা ঘর সরানো সম্ভব হচ্ছে না। সেগুলো ফেলে অন্যত্র চলে যাচ্ছেন তাঁরা।

কলমিরচর গ্রামের বাসিন্দা কুলছুম বেগমের স্বামী মারা গেছেন ১০ বছর আগে। কৃষিশ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত শনিবার তাঁর বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। তিনি আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের মাঠে আশ্রয় নিয়েছেন। কুলছুম বেগম বলেন, ‘বাড়িটুকু ছাড়া আমার আর কিছু নেই। শেষ আশ্রয়টাও নদীতে বিলীন হয়ে গেল। কোথায় গিয়ে আশ্রয় নেব, কিছুই জানি না।’ 

কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ বলেন, স্থানীয় প্রশাসনের কাছে এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানিয়েও কোনো ফল হয়নি। এ বছর ভাঙনের তীব্রতা বেড়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে মানুষ ত্রাণ চায় না, ভাঙন রোধে বাঁধ চায়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন সিদ্দিক কাজীপাড়ার গ্রাম এভাবে বিলীন হচ্ছে। গত শুক্রবার দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন সিদ্দিক কাজীপাড়ার গ্রাম এভাবে বিলীন হচ্ছে। গত শুক্রবার দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে তোলা ছবি l প্রথম আলো

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ‘ভাঙন রোধে বর্তমানে কোনো প্রকল্প আমাদের কার্যালয়ে নেই। কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা আছে। সেগুলো অনুমোদন হলে বাস্তবায়ন করা হবে।’
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘ভাঙনকবলিতদের পুনর্বাসন করা হবে। এ জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাঁদের খাসজমি দেওয়া হবে। কেউ খোলা আকাশের নিচে থাকবে না।’
এ দিকে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মাসের ১৭ থেকে ২৫ পর্যন্ত দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লাপাড়া, আফসার শেখের পাড়া, হাতেম মণ্ডল পাড়া ও ফেরিঘাট সিদ্দিক কাজী পাড়ার অন্তত ১৫০ পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ১ ও ৪ নম্বর ফেরিঘাট এলাকা, মজিদ শেখের পাড়া, হাতেম মণ্ডল পাড়া ও জয়দার মণ্ডল পাড়ার (নতুন পাড়া) ১ হাজার ৪০টির বেশি পরিবার।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী বলেন, ভাঙনে গত এক সপ্তাহে দেবগ্রাম ও বেথুরী গ্রামের অন্তত ৫০টি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। এসব পরিবারের লোকজন একই ইউনিয়নের তেনাপচা গ্রামসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন।
সিদ্দিক কাজী পাড়ার পরিবহনশ্রমিক মনির হোসেন পরিবার নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে সোনাউল্লাহ ফকির পাড়ায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘উপায় না পেয়ে এখানে এসেছি। জায়গা না পেয়ে অনেকে ফেরিঘাট সড়ক, টার্মিনাল চত্বর, রেললাইনের পাশে আশ্রয় নিয়েছেন। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছেন।’

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৫৫৩টি এবং দেবগ্রাম ইউনিয়নের ৩০ পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। গত এক সপ্তাহের ক্ষয়ক্ষতির হিসাব এখনো তাঁর কাছে আসেনি। ইউনিয়ন দুটির জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং উপজেলার সব কটি (চার) ইউনিয়নের জন্য প্রায় ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।