পদ্মায় বেড়া অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের কাওড়াকান্দি ঘাট এলাকার পদ্মা নদী থেকে গতকাল বাঁশের বেড়া অপসারণ করে মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন। ছবিটি বেলা ১১টায় তোলা l প্রথম আলো
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের কাওড়াকান্দি ঘাট এলাকার পদ্মা নদী থেকে গতকাল বাঁশের বেড়া অপসারণ করে মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন। ছবিটি বেলা ১১টায় তোলা l প্রথম আলো

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট এলাকার পদ্মা নদী থেকে অবৈধ বাঁশের বেড়া অপসারণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ২০টি বেড়া অপসারণ করেছেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ইউএনও ছাড়াও শিবচরের উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী ব্যবস্থাপক শেখ রুহুল আমিন, শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ আটজন কনস্টেবল ও ছয়জন শ্রমিক অংশ নেন।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে জালসহ বাঁশের ২০টি বড় আকারের বেড়া কেটে ফেলা হয়। তবে ওই সময় বেড়া দেওয়ার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি বলে তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, আদালত কাওড়াকান্দি ঘাটে উপস্থিত হলে অবৈধভাবে বেড়া দিয়ে মাছ শিকারে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এলাকায় মাইকযোগে প্রচার চালিয়ে বেড়া অপসারণ করতে বলা হয়। চিঠিও দেওয়া হয়েছে।
ইউএনও মো. ইমরান আহমেদ বলেন, ‘কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথে বেড়া এত বেশি যে এক দিনে সব অপসারণ করা সম্ভব হয়নি। আমরা এই অভিযান অব্যাহত রাখব।’
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, গত মঙ্গলবার প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর যাঁরা এ বেড়া দিয়েছেন, তাঁদের বেড়াগুলো তুলে ফেলতে বলা হয়। বেশ কিছু বেড়া মালিকেরাই অপসারণ করে ফেলেন।
বেড়া অপসারণে সন্তোষ প্রকাশ করে ওই পথে চলাচলকারী দীপু-২ লঞ্চের চালক বাবলু মিয়া প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ভীষণ যন্ত্রণার মধ্যে ছিলাম। বেড়াগুলো অপসারণ করায় আমরা নির্বিঘ্নে এ চ্যানেল দিয়ে চলাচল করতে পারব।’ বিআইডব্লিউটিএর সহকারী ব্যবস্থাপক বলেন, ‘এ বেড়া অপসারণের জন্য আমরা প্রশাসনের কাছে বহুবার মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি। আজ (বৃহস্পতিবার) বেড়াগুলো অপসারণ করা হলো। এ বেড়া যাতে আর না দেওয়া হয়, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।’
গত মঙ্গলবার প্রথম আলোর শেষের পাতায়, ‘পদ্মায় বাঁশের দীর্ঘ বেড়া’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।