পদ্মায় ভাঙন, আতঙ্কে সরে গেছে আড়াই শ পরিবার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের নদীভাঙনে একটি প্রাথমিক বিদ্যালয় ও ৬৩টি পরিবারের ভিটেমাটি নদীতে চলে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে বেথুরী গ্রামের একটি মসজিদ ও বাজার। নদীর তীরবর্তী প্রায় আড়াই শ লোক ভাঙনের আতঙ্কে অন্যত্র সরে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের পদ্মার তীরবর্তী বেথুরী, সাজাপুর, বাহির বেথুরী ও চরদেলন্দি গ্রামে প্রায় দুই মাস ধরে নিয়মিত বিরতিতে ভাঙন চলছে। মাঝে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ১০ দিন আগে নতুন করে ভাঙন শুরু হয়। এই ভাঙনে এলাকার ৬৩টি বাড়ির ভিটেমাটি ও একটি প্রাথমিক বিদ্যালয় নদীতে চলে যায়। এরই মধ্যে প্রায় আড়াই শ পরিবার ভিটেমাটি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।১৫ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, পদ্মার তীরবর্তী এলাকার বেশ কিছু ভিটা জনমানবশূন্য অবস্থায় পড়ে রয়েছে। অনেকেই শূন্য ভিটার মাটি কেটে ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যাচ্ছে।নদীভাঙনের শিকার হয়ে পার্শ্ববর্তী মতিয়াগাছি গ্রামে আশ্রয় নেওয়া জয়নদ্দিন মোল্লা (৭৩) বলেন, প্রায় ২০ বিঘা জমিসহ দেবগ্রাম গ্রামে ঘরবাড়ি ছিল। এক বছর আগে ভাঙন দেখা দিলে তিনি মতিয়াগাছি গ্রামে চলে যান। সেখানে আট শতাংশ জায়গা কিনে বাড়ি তুলেছেন। ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবারও অনেকেই বিভিন্ন স্থানে চলে গেছে বলে জানান তিনি।চরদেলন্দি গ্রামের উম্বার সরদার (৪৫) বলেন, ‘প্রতিবছর বর্ষা আসলেই ভাঙতে শুরু করে। চেয়ারম্যান-মেম্বররা কেউ খোঁজ নেয়নি। এমনকি সরকারিভাবেও আমরা কোনো সাহায্য পাই না।’এ ব্যাপারে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, গত দুই মাসে তাঁর ইউনিয়নের প্রায় আড়াই শ পরিবার ভাঙনের আতঙ্কে অন্যত্র চলে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনে ক্ষতিগ্রস্ত ৬৩টি পরিবারের মধ্যে ঈদের কয়েক দিন পর ১০ কেজি করে চাল দেওয়া হয়।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী সামিয়া ইয়াসমিন বলেন, ওই ইউনিয়নে ভাঙনের আতঙ্কে সরে যাওয়া পরিবারের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই সরকারিভাবে বরাদ্দ দেওয়া হবে।