পদ্মায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন ও পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে লালপুর-ঈশ্বরদী সড়কের আরামবাড়িয়া বাজার থেকে ভাদুর বটতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেয়।ভাঙনে হুমকির মুখে থাকা আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম এবং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শরীফ জানান, এরই মধ্যে দুটি মসজিদ, মন্দিরসহ শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে দুটি বিদ্যালয়সহ অনেক স্থাপনা চরম হুমকির মধ্যে রয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে পদ্মার ভাঙনে সব বিলীন হয়ে যাবে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙনে লালপুর উপজেলায় পদ্মার উত্তর তীর রক্ষাকারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্লক বাঁধ। এরই মধ্যে ব্লক বাঁধের কিছু অংশ, বাঁধসংলগ্ন শতাধিক ঘরবাড়ি, দুই কিলোমিটার ফসলি জমি ও ফলের বাগান বিলীন হয়ে গেছে।ঈশ্বরদীর সাঁড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম সরদার জানান, ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। ঈশ্বরদী ইউপির চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভাঙনরোধ ও ক্ষতিগ্রস্ত লোকজনের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।