পদ্মায় ভাসমান বস্তার মুখ খুলতেই বেরিয়ে এল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এখন নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। বিষয়টি তদারকির জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে বের হন। এতে নেতৃত্বে ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বের হওয়া অভিযানে মৎস্য অফিসের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ছিলেন।

বেলা দুইটার দিকে উপজেলার মরিচা এলাকায় পদ্মা নদীতে একটি বস্তা ভাসতে দেখেন ভ্রাম্যমাণ আদালত। কৌতূহলবশত সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বস্তাটি নৌকাতে ওঠাতে বলেন। বস্তার মুখ খুলে দেখা গেল ২৩২ বোতল ফেনসিডিল। সেগুলো জব্দ করে যাওয়ার পথে নদীতে একটি নৌকায় তিন জেলেকে ইলিশ মাছ ধরতে দেখেন আদালত। ওই নৌকা থেকে ১ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশসহ তিন জেলেকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা এলাকার আবদুর রাজ্জাক (৫৫), আবুল কালাম (৪৫) ও নাটোরের লালপুরের মো. কামরুজ্জামান (৪৫)।

জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, জব্দ করা ফেনসিডিলগুলো আনা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এগুলো ভারতীয় সীমান্ত থেকে পদ্মায় ভাসিয়ে তীরে আনা হচ্ছিল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।