পদ্মায় মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে মো. আরিফ মৃধা (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আরিফ স্থানীয় শাহাদৎ মেম্বারপাড়ার মো. বাবলু মৃধার ছেলে ও স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করত।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে দুই বন্ধুকে নিয়ে আরিফ মাছ ধরার জন্য দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটে পন্টুনের কাছে ডুব দেয়। কিছুক্ষণ পর অন্য দুজন উঠে এলেও আরিফ আর ওঠেনি। তারা নিজেরাই কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন ওই ঘাটে আরিফের সন্ধান করতে থাকে। বিকেল সাড়ে চারটা থেকে ওই ঘাটে ফেরি ভেড়ানো বন্ধ রাখে কর্তৃপক্ষ। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাল দিয়ে পন্টুনের নিচ থেকে তার লাশ পাওয়া যায়।