পদ্মায় মাছের অভয়াশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে প্রতিষ্ঠিত অভয়াশ্রমে মাছ চাষের জন্য স্থানীয় জেলেদের কিছু খাঁচা বানিয়ে দিয়েছে স্থানীয় মৎস্য প্রশাসন। সে রকমই একটি খাঁচায় বেড়ে ওঠা মাছ দেখছেন অভয়াশ্রমের কর্মীরা l প্রথম আলো
রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে প্রতিষ্ঠিত অভয়াশ্রমে মাছ চাষের জন্য স্থানীয় জেলেদের কিছু খাঁচা বানিয়ে দিয়েছে স্থানীয় মৎস্য প্রশাসন। সে রকমই একটি খাঁচায় বেড়ে ওঠা মাছ দেখছেন অভয়াশ্রমের কর্মীরা l প্রথম আলো

জল আছে কিন্তু জাল ফেলা যাবে না। এটি রাষ্ট্রীয় কোনো আইন নয়। একজন ব্যক্তির ঘোষণামাত্র। তাঁকেই সম্মান জানাচ্ছে মানুষ। তাঁর পাশেই এসে দাঁড়াচ্ছে সরকার। এই ব্যক্তি পদ্মা নদীর একটি দামুসকে (নদীর মধ্যে বদ্ধ জলাশয়) মাছের অভয়াশ্রম ঘোষণা করেছেন। তাতে বর্ষা শেষে কেউ জাল ফেলছে না। সেই সঙ্গে ছাড়া হচ্ছে বিলুপ্তপ্রায় নানা প্রজাতির মাছ। প্রজনন হচ্ছে। মাছ বাড়ছে কিন্তু কেউ ধরছে না। পরের বর্ষায় সব মাছ ভেসে যাচ্ছে নদীজুড়ে।
লোকটির নাম শফিউল ইসলাম (৪২)। বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামে। বাবা ছিলেন স্কুলশিক্ষক। তবে শফিউল এইচএসসি পাস করে আর পড়াশোনা করেননি। সংসার ও সমাজসেবা নিয়ে মেতে উঠেছেন। এই পিরিজপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। নদীর ধারেই বেড়ে উঠেছেন শফিউল।
৮ জানুয়ারি সকালে পিরিজপুর গ্রামে গিয়ে পাওয়া যায় শফিউলকে। তিনি তাঁর স্বপ্নের গল্প শোনান। একসময় নদীতে মাছের প্রাচুর্য ছিল। এখন সেই নদীতে মাছের আকাল। শফিউল একসময় পদ্মা নদীর দামুসে এমন একটি অভয়াশ্রম গড়ার স্বপ্ন দেখতে শুরু করেন, যেখানে কেউ জাল ফেলে মাছ ধরতে পারবে না। শুষ্ক মৌসুমে প্রায় আট মাস মা মাছকে বাঁচাতে পারলে একটি মাছ থেকে হাজারো মাছের জন্ম হবে। বর্ষায় নদী ভরে গেলে অভয়াশ্রমের মাছ অন্যান্য নদ-নদীতে ছড়িয়ে পড়বে।
২০১০ সালে এই ভাবনা নিয়ে মাঠে নামেন শফিউল। জনমত তৈরি করতে শুরু করেন। সবাইকে বোঝাতে থাকেন, তাঁর তৈরি অভয়াশ্রমে কেউ যেন জাল ফেলে মাছ না ধরেন। কিন্তু স্থানীয় লোকজন তাঁকে পাগল বলতে লাগলেন। মাছ ভাসিয়ে দিয়ে কী লাভ, তিনি মানুষকে বোঝাতে হিমশিম খেয়ে যান। অবশেষে ২০১৪ সালে গ্রামের মানুষ তাঁর কথা মানতে শুরু করে। শুধু গ্রামের স্বার্থ নয়, শফিউল তাদের জাতীয় স্বার্থটাও বোঝাতে সক্ষম হন। প্রথমে সঙ্গে পান গ্রামের মৎস্যজীবী শরৎ চন্দ্র মণ্ডলকে। দুজন মিলে শুরু করেন এই আন্দোলন।
২০১৪ সালে বর্ষা শেষে যখন পিরিজপুর গ্রামে পদ্মা নদীতে দামুস পড়ল, তখন তাঁরা প্রথমে ১০০ মিটার দৈর্ঘ্যের ছোট একটি দামুসকে অভয়াশ্রম ঘোষণা করলেন। রাত জেগে পাহারা দিতে থাকলেন, কেউ যাতে সেখানে জাল ফেলে মাছ ধরতে না পারে। গ্রামের মানুষ কথা রাখল। কেউ শফিউলের দামুসে জাল ফেলল না। শফিউল দেখলেন, সব মা মাছ তাঁর অভয়াশ্রমে পোনা ছাড়ল। আট মাস জাল না ফেলার কারণে দামুসে প্রচুর মাছ হলো। সকালে ও সন্ধ্যায় মানুষ দাঁড়িয়ে মাছের লাফালাফি দেখে, কিন্তু কেউ জাল ফেলে না। বর্ষা এলে অভয়াশ্রম ভেসে গেল। দারুণ উৎসাহ পেলেন শফিউল। তাঁর দাবি, পদ্মা নদীর পানি দেশের ২৭টি নদীতে যায়। তাঁর মাছও ২৭ নদীতে যাবে।
২০১৫ সালে এই দুজনের সঙ্গে যোগ দেন গ্রামের আরও ২০ জন। এবার তাঁরা ‘পদ্মা ফিশ কেয়ার’ নামে একটি সমিতি গঠন করেন। এবার আরও উৎসাহ-উদ্দীপনা। আরও জায়গা নেওয়া হলো। অভয়াশ্রমের দৈর্ঘ্য হলো ৫০০ মিটার। তাঁদের নিঃস্বার্থ উদ্যোগের খবর জেনে যায় উপজেলা মৎস্য অধিদপ্তর। বছরের শেষের দিকে এসে তারা শফিউলদের পাশে দাঁড়ায়। তারা এই অভয়াশ্রমে রড-সিমেন্টের তৈরি ১০টি রিং (বড় পাইপ) তৈরি করে দেয়, যার ভেতরে মাছ লুকিয়ে থাকতে পারে। এগুলো স্রোতের বিপরীতমুখী করে রাখা হয়, যাতে প্রবল স্রোতের সময় মাছ এর ভেতরে ঢুকে থাকতে পারে। একই সঙ্গে তারা বাঁশ দিয়ে আমগাছের মতো ডালপালা ছড়ানো একটি বিশেষ ধরনের কাঠামো তৈরি করে দিল। কেউ জাল ফেললে এতে বেঁধে জাল ছিঁড়ে যাবে। মাছ উঠবে না। মৎস্য অধিদপ্তর এ রকম ৪০টি কাঠামো তৈরি করে দিল।
২০১৬ সালে এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে মৎস্য অধিদপ্তর এই কাজের পাশাপাশি তাঁদের কিছু আয়বর্ধক কাজের ব্যবস্থা করার উদ্যোগ নেয়। তারা এই সমিতিকে অভয়াশ্রমে ভাসমান খাঁচায় মাছ চাষের জন্য ২০টি খাঁচা কিনে দেয় এবং তাতে মনোসেক্স প্রজাতির তেলাপিয়া মাছ ছেড়ে দেওয়া হয়। মাছ-খাঁচা সবই তারা সরবরাহ করে। ‘ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর অধীনে তারা এই সহযোগিতা দেয়। স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ফারুক চৌধুরীও এতে যোগ দেন। ২০টি খাঁচার মাছ সমিতির সদস্যরা বিক্রি করবেন। মাছ ছাড়ার ১০০ দিন পরে ওই মাছ বিক্রি করা হয়েছে। ১ কেজি ৮০০ গ্রাম পর্যন্ত ওজনের তেলাপিয়া পাওয়া গেছে। এ বছর আবার খাঁচা ছাড়া হয়েছে।
গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল কবির বলেন, এই উদ্যোগের ফলে মা মাছগুলো ডিম দেওয়ার সুযোগ পাচ্ছে। এতে মাছের ঘনত্বও বাড়ছে। তিনি বলেন, মাছ যেখানে নিরাপদ আশ্রয় পায়, সেই জায়গা ছেড়ে যেতে চায় না। ভরা পদ্মায় যখন স্রোত তীব্র হয়, তখন অভয়াশ্রমে স্রোতের বিপরীতমুখী করে রাখা রিংয়ের ভেতরে এসে মাছ আশ্রয় নেয়। তিনি বলেন, এই অভয়াশ্রমের আশপাশে এখন অনেক বড় মাছ পাওয়া যাচ্ছে। এর আগে এই এলাকায় এত বড় মাছ অনেক দিন পাওয়া যায়নি।
লাল পতাকার সীমানা
শফিউল বললেন, ‘এটাই আমাদের অভয়াশ্রম। এবার এর দৈর্ঘ্য বাড়িয়ে এক হাজার মিটার করেছি ওই লাল পতাকা পর্যন্ত।’ হাত তুলে তিনি পুবের দিকের একটি লাল পতাকা দেখালেন। একটু দূরে দূরে এ রকম মোট ১৫টি লাল পতাকা দিয়ে নদীর মধ্যে সীমানা চিহ্নিত করা হয়েছে।
শফিউল বললেন, এই সীমানার ভেতরে কেউ জাল ফেলতে পারবে না। অভয়াশ্রমের ভেতরে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রয়েছে। বিচরণক্ষেত্রে মানুষ বড়শি দিয়ে মাছ ধরে। তাতে তাঁরা আপত্তি করেন না। এবার মানুষ ৪ কেজি থেকে ১৭ কেজি পর্যন্ত কাতলা, ৪ কেজি ওজনের বাগাড়, ৮ কেজি ওজনের বোয়াল, ৬ কেজি ওজনের চিতল মাছ পেয়েছে। বেলা তিনটার পর থেকে মাছ লাফালাফি শুরু করে। আবার সকালে এলেও দেখা যায়। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এ দেখার মজাই আলাদা! শফিউল বলেন, ‘আমরা এবার আমাদের সংগঠনের নাম বদলে “পদ্মা নদী অভয়াশ্রম” করেছি। এই নামে একটি ওয়েবপেজ খোলা হয়েছে।’
শফিউল বলেন, দেশি কই, মাগুর, শিং, বজলমুড়ি, ময়া, উড়ল ইত্যাদি মাছ নদী থেকে হারিয়ে যাচ্ছিল। এবার বিল থেকে ধরে এনে এই মাছ দামুসে ছেড়েছেন। মাছের কারণে এখন বিপুলসংখ্যক পাখি আসে। আগে এলাকায় এসব পাখি দেখা যায়নি।
শফিউলের সঙ্গে প্রথম এই আন্দোলনের আরেক কর্মী শরৎ চন্দ্র মণ্ডলকেও পাওয়া গেল। তিনি বললেন, ‘একসময় যাঁরা আমাদের পাগল বলেছিলেন, তাঁরাই এখন আমাদের সমিতির সদস্য হচ্ছেন। আমরা তাঁদের দেশের স্বার্থটা বোঝাতে সক্ষম হয়েছি।’