পদ্মায় রাতে ঝুঁকি নিয়ে চলছে অবৈধ স্পিডবোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে ঝুঁকি নিয়ে পদ্মায় স্পিডবোট চালানো হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। রাতে দুর্বৃত্তরা যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে তাঁদের চরে ফেলে রেখে স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। স্পিডবোটচালকদের নেই কোনো প্রশিক্ষণ, নেই কোনো লাইসেন্স। সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর অনুমতি ছাড়া ঝুঁকি নিয়ে মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে তিনটি পথে পদ্মায় এ নৌযান চালানো হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে সার্ভে নিবন্ধন নিয়ে নদীতে ইঞ্জিনচালিত যেকোনো নৌযান চালাতে হয়। এ দপ্তর থেকে নৌযানচালকদের অনুমতিপত্র (লাইসেন্স) নিতে হয়। বিআইডব্লিউটিএ নৌপথ ব্যবহারের অনুমতি দেয়। মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী স্পিডবোটগুলোর কোনো নিবন্ধন নেই। চালকদেরও কোনো অনুমতিপত্র নেই। অবৈধভাবে এগুলো চালানো হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, হাজারো মানুষ প্রতিদিন মাওয়াঘাট দিয়ে যাতায়াত করে। মাওয়া থেকে শরীয়তপুরের মঙ্গল মাঝি সাত্তার মাদবরঘাট, মাদারীপুরের কাঁঠালবাড়ী ও কাওড়াকান্দি—এই তিনটি পথে ফেরী, লঞ্চ ও ট্রলারের পাশাপাশি ছয় শতাধিক স্পিডবোট চলাচল করে। দ্রুত নদী পার হওয়ার জন্য অনেক যাত্রী স্পিডবোটে যাতায়াত করেন। স্পিডবোটগুলো ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচল করে। দিনে যাত্রীপ্রতি ১৫০ টাকা এবং রাতে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া আদায় করা হয়। স্পিডবোটচালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই তিনটি পথে স্পিডবোট চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেই। চালকদেরও নেই কোনো প্রশিক্ষণ। প্রায় সাত কিলোমিটার পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য স্পিডবোটে কোনো বয়া ও লাইফ জ্যাকেট রাখা হয় না। যাত্রীরা জানান, রাতে অনেক স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়। দ্রুতগতির এই নৌযান অন্ধকারে মাঝেমধ্যে অন্য নৌযানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ছাড়া যাত্রীবেশী দুর্বৃত্তরা মাঝনদীতে অস্ত্রের মুখে যাত্রীদের মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে তাঁদের চরের মধ্যে ফেলে স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। মাসে এমন ৮-১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ১৫ মার্চ সন্ধ্যায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজামেঞ্চল হকের ব্যক্তিগত সহকারী শাজাহান মারা যান। শাজাহানের খালাতো ভাই জাহাঙ্গীর হোসেন জানান, নদীতে ঝুঁকি নিয়ে স্পিডবোট চলাচলের কারণে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। নৌট্রাফিক আইন অমান্য করে অদক্ষ চালকেরা এ পথে বেপরোয়াভাবে অবৈধ স্পিডবোট চালান। যাত্রী দেলোয়ার হোসেন ও কাওসার আহমেঞ্চদ জানান, স্পিডবোটে যাত্রী ধারণক্ষমতা ছয় থেকে আটজন। চালকেরা ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে স্পিডবোট চালান। ভাড়াও নেওয়া হয় বেশি। দ্রুত যাওয়ার জন্য যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাওয়াঘাট স্পিডবোট পরিচালনা কমিটির সভাপতি আশ্রাফ আলী মিয়া জানান, স্পিডবোট চলাচলের অনুমতির জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। সন্ধ্যার পর কাউকে না জানিয়ে স্পিডবোটের চালক বেশি ভাড়া নিয়ে যাত্রী পারাপার করে থাকেন। গত এক বছরে এই তিনটি পথে প্রায় ১০ জন লোক স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিআইডব্লিউটিএর নৌট্রাফিকের যুগ্ম পরিচালক সাইফুল হক খান বলেন, পদ্মায় অবৈধভাবে স্পিডবোট চলাচল করছে। তাঁদের নীতিমালার মধ্যে আনার জন্য শিগগির উদ্যোগ নেওয়া হবে। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাতে যাতে কোনো ইঞ্জিনচালিত অবৈধ নৌযান নদীতে চলতে না পারে, সে জন্য পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, রাতে যাতে পদ্মায় স্পিডবোট চলাচল করতে না পারে, সে জন্য পুলিশের একটি দল ঘাটে নিয়মিত টহল দেয়।