পদ্মায় রেল সেতু নির্মাণে চুক্তি সই
পদ্মা সেতুর ওপর দিয়ে রেলগাড়ি চলাচল নিশ্চিত করতে ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। আজ সোমবার রেল ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের মধ্যে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের পক্ষে ঝাং গুয়েকাই এ চুক্তিতে সই করেন।
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যাতে ট্রেন চলাচল করতে পারে, সে ব্যাপারে আপনারা গুরুত্ব দেবেন।’ নির্ধারিত সময়ের আগেই কাজটি করার জন্যও তিনি আহ্বান জানান। রেলমন্ত্রী সংশ্লিষ্ট প্রকল্পে সহায়তার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেলওয়ে সূত্র জানায়, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। চীন সরকারের সহায়তায় (জি টু জি) এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে। এর মধ্যে ঢাকা থেকে কেরানিগঞ্জ হয়ে মাওয়া পর্যন্ত অংশের বেশির ভাগই হবে উড়াল পথে। প্রকল্পের আওতায় ২০টি স্টেশন নির্মাণ ও ১০০টি রেল বগিও ক্রয় করা হবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।