
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে লঞ্চডুবির ছয় দিন পর একটি অজ্ঞাত বস্তুকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন উদ্ধারকারীরা। উদ্ধার অভিযানের ষষ্ঠ দিন শনিবার মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে পদ্মার তলদেশে অনুসন্ধানকারী নৌযান কান্ডারি-২-এর ইকো সাউন্ডার নামের যন্ত্রে এটির অবস্থান ধরা পড়ে। যে অজ্ঞাত বস্তুর সংকেত ও ছবি মিলেছে, তার আকার ডুবে যাওয়া পিনাক-৬-এর সমান।
তবে এটিই ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কোনো ঘোষণা আসেনি। কান্ডারি-২-এ থাকা নৌবাহিনীর কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা ওই জাহাজে বসে আলাপের সময় প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতেই ইকো সাউন্ডারে এই অজ্ঞাত বস্তুটি প্রথম ধরা পড়ে। দুই দিন ধরে শনাক্তকারী জাহাজগুলোতেও এই বস্তুটি ধরা পড়ে। তবে গতকাল দুপুরে কান্ডারি-২-এর ইকো সাউন্ডার যন্ত্রে বস্তুটির অবস্থান সবচেয়ে পরিষ্কার হয়।
কান্ডারি-২-এর ইকো সাউন্ডার পানির নিচে থাকা বস্তুর অবস্থান ও ছবি তুলতে পারে। গতকাল তোলা সেই ছবিগুলোতে দেখা গেছে সোনালি রঙের আভা। কান্ডারি-২-এর কর্মকর্তারা এই ছবি দেখিয়ে জানান, ২০ মিটার (প্রায় ৬৬ ফুট) পানির নিচে থাকা এই অজ্ঞাত বস্তুটির দৈর্ঘ্য ১৬ থেকে ১৭ মিটার। ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এবং এর দৈর্ঘ্যও ছিল সাড়ে ১৬ মিটার বা ৫৪ ফুট। পিনাক ৬ যেখানে ডুবেছিল, এই অজ্ঞাত বস্তুটির অবস্থান তার খুব কাছেই। ফলে উদ্ধারকারীরা ধারণা করছেন, এই বস্তুটি ডুবে যাওয়া লঞ্চ হওয়ার সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক সময়ের ওই এলাকায় অন্য কোনো লঞ্চ বা এ ধরনের যান ডোবার কোনো তথ্য নেই। ওই অজ্ঞাত বস্তুটির বেশ কয়েক জায়গায় ভাঙা বলে ইঙ্গিত পাওয়া গেছে। এ কারণে মনে করা হচ্ছে, দুর্বল কাঠামোর জন্য লঞ্চটির কয়েক জায়গা ভেঙে গেছে।
কান্ডারি-২-এ থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মনজুরুল করিম চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেন, ‘আমরা এখন এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছি।’
অবস্থান নিশ্চিত করা অজ্ঞাত বস্তুটি আসলেই ডুবে যাওয়া লঞ্চ পিনাক কি না, সেটি কীভাবে নিশ্চিত করা যাবে জানতে চাইলে উদ্ধার অভিযানে থাকা কর্মকর্তারা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এখন তাঁরা হিসাব-নিকাশ করে জাহাজটির অবস্থানের কাছে পৌঁছাবেন। তারপর নোঙর দিয়ে জাহাজটি টেনে তোলা এবং পরে ডুবুরি নামানো হবে। কিন্তু এ মুহূর্তে এত তীব্র স্রোত (ছয় নটিক্যাল মাইল) যে ডুবুরিদের পক্ষে নামা সম্ভব নয়। তার পরও চেষ্টা চলছে।
তবে কর্মকর্তারা বলছেন, লঞ্চটির অবস্থান নিশ্চিত হলেও প্রচণ্ড স্রোত ও গভীরতার কারণে এটি উদ্ধারে বেগ পেতে হবে। সে ক্ষেত্রে আরও অন্তত দুই দিন সময় লেগে যেতে পারে।
এদিকে লাশের জন্য শিবচরের স্বজনদের অপেক্ষার কোনো অন্ত নেই। শিবচরের সন্ন্যাসীচর গ্রামের সালাম মাতবর ছয় দিন ধরেই অপেক্ষা করছেন চার স্বজনের জন্য। গতকাল তিনি বলেন, ‘টিভিতে দেখলাম, ডুবে যাওয়া লঞ্চের অবস্থান নাকি পাওয়া গেছে। তাইলে আমি কখন লাশ পাব?’
গত সোমবার কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে তিন শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চের অবস্থান জানতে ছয় দিন ধরে পদ্মার ৫০ বর্গকিলোমিটার এলাকায় অভিযান চলছে। উদ্ধার অভিযান পরিচালনাকারী নৌবাহিনীর ক্যাপ্টেন নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ১০টি জাহাজ উদ্ধারকাজ চালাচ্ছে। আমরা আশাবাদী, খুব শিগগির হয়তো ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার হবে।’ অজ্ঞাত বস্তুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমান্ডার মনজুরুল করিমই ভালো বলতে পারবেন।
এদিকে পদ্মায় প্রবল স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল দুপুর ১২টা থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মা উত্তাল থাকায় গাড়ি পারাপারের তিনটি ডাম্প ফেরি চলাচলও বন্ধ আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ট্রাফিক) আবুল বাশার প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের কারণে পদ্মা উত্তাল। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে যাত্রী পরিবহনে ব্যবহৃত স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফেরি চলছে।
এদিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচল করা যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়েছে। ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছে তারা। কয়েকটি ফেরিতে যানবাহনের বদলে হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছে।