পদ্মায় সাতটি স্থানে বেড়া দিয়ে চলছে মাছ শিকার
পদ্মা নদীর মূল প্রবাহে বাঁশের বেড়া বা ঘের দিয়ে পোনা ও জাটকা শিকার করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী পর্যন্ত পদ্মা নদীর সাতটি স্থানে এসব বেড়া দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে এসব বেড়া।স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে গত ডিসেম্বরের শুরুতে এই বেড়াগুলো নির্মাণ করা হয়। নদীতে আড়াআড়িভাবে দেওয়া প্রতিটি বেড়া এক থেকে দেড় কিলোমিটার লম্বা। এর মাঝ দিয়ে নৌযান চলাচলের জন্য কিছু অংশ ফাঁকা রয়েছে। বাঁশের সঙ্গে বিশেষ কারেন্ট জাল ব্যবহার করে চলছে মাছ শিকার। বেড়া নির্মাণকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী।গত বুধবার শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, নদীতে আড়াআড়ি প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাঁশের বেড়া। সেখানে মাছ ধরছেন জেলে শাহজাহান। তিনি বলেন, ‘আগে নৌকা দিয়ে পদ্মা নদীতে মাছ ধরতাম, এখন মাসিক ছয় হাজার টাকা বেতনে এখানে কাজ করি। প্রতিদিন এখানে ১০-১২ হাজার টাকার মাছ পাওয়া যায়।’ গ্রামের হারুন মাতব্বর বেড়াটি নির্মাণ করেছেন বলে তিনি জানান।জাজিরা উপজেলার কুণ্ডের চর ইউনিয়নের কলমির চরে গনি পেদা ও সেকান্দার খাঁ প্রায় এক কিলোমিটার লম্বা বেড়া দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে গনি পেদা বলেন, ‘পদ্মায় চর পড়ার কারণে বাঁশের বেড়া দিয়েছি। এখনো পর্যন্ত তেমন কোনো মাছ পাইনি। কিছুদিন পরে বেশি মাছ পাওয়া যাবে। বেড়াটি নির্মাণ করতে বাঁশ, শ্রমিক ও জাল বাবদ প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে।’শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মঙ্গলমাঝি ঘাটে মনির হোসেন খার নেতৃত্বে দেড় কিলোমিটার লম্বা বেড়া দেওয়া হয়েছে। এ জন্য তিনি স্থানীয় প্রশাসনের অনুমতি নেননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘পদ্মার ভাঙনে আমাদের অনেক জমি বিলীন হয়েছে। নদীর যে অংশে জায়গা ছিল, সেখানেই বেড়া নির্মাণ করে মাছ শিকার করছি।’মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পদ্মা নদীতে ফয়জল বেপারি ও সুশান্ত দাসের দেওয়া বেড়া দুটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। জানতে চাইলে সুশান্ত দাস বলেন, প্রতিটি বেড়া দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার মাছ শিকার করা হয়।একইভাবে নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের বীরমৈশাল গ্রামের ইব্রাহীম মাদবর, একই ইউনিয়নের মেজবাহ উদ্দিন ছৈয়াল নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করছেন। শরীয়তপুর জেলা মত্স্য কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর জাজিরা উপজেলার নাওডোবা থেকে ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় ইলিশের উত্পাদন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। নভেম্বর থেকে মে পর্যন্ত সেখান থেকে জাটকা ধরা, পরিবহন ও বাজারজাত করা যাবে না।এ ব্যাপারে জানতে চাইলে শরীয়তপুরের মত্স্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকারের খবর আমাদের কাছে এসেছে। বেড়াগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট উপজেলা মত্স্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বেড়া নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা করারও উদ্যোগ নিতে বলা হয়েছে।’ যোগাযোগ করা হলে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহা. আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ কিছু জানায়নি। ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পদ্মায় অভিযান চালিয়ে এমন বেড়া অপসারণ করা হয়েছে। এবারও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।