পদ্মায় সিসি ব্লক ধসের ঘটনায় পাউবোর জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বলিতা স্লুইসগেট এলাকায় বালু তোলার কারণে গত শুক্রবার পদ্মা নদীর পাড়ের সিসি ব্লক ধসের ঘটনায় গতকাল শনিবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এদিকে ওই এলাকার পাশের গোদার বাজার ও উড়াকান্দা এলাকায় বালু তুলে নদীর পাড়ে রেখে ব্যবসা করার দায়ে শুক্রবার পৃথক অভিযানে ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই রাতেই তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজবাড়ী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এস এম নূরন্নবি বলেন, বলিতা স্লুইসগেট এলাকায় বালু উত্তোলনের পর পদ্মার পাড়ে রেখে একটি চক্র ব্যবসা করছিল। দীর্ঘদিন পদ্মার পাড়ে বালু রাখায় বালুর পানি চুইয়ে সিসি ব্লকের ভেতর দিয়ে নদীতে গিয়ে পড়ে। এ কারণে ধীরে ধীরে সিসি ব্লকের নিচে ফাঁকা হয়ে যায়। ফলে ওই ধস ঘটে। এ ঘটনায় সদর উপজেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমান গতকাল বিকেলে রাজবাড়ী সদর থানায় জিডি করেছেন।
সদর উপজেলা পাউবোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা নেই। তাঁদের চিহ্নিত করতে না পারায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে জিডি করেছি। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ পুলিশের।’
এদিকে সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর শহররক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে বাঁধের ক্ষতিসাধনের অভিযোগে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি দল অভিযান চালায়। এ সময় ১১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী হাকিম মাহবুবুল আলমের নেতৃত্বে সাতজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আ ন ম আবুজর গিফারী তিনজনকে এক মাস করে এবং একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।