পদ্মায় ৩৫টি পরিবহন নিয়ে ফেরি আটকা সাত ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌপথে নাব্যতাসংকটের কারণে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসসহ ৩৫টি পরিবহন নিয়ে রো রো ফেরি পদ্মা নদীর মধ্যে আটকা পড়ে। উদ্ধারকারী জাহাজ প্রায় সাত ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করে। এ সময় চরম দুর্ভোগে পড়েন ফেরিটির প্রায় এক হাজার যাত্রী। শিগগিরই মাওয়া-কাওরাকান্দি নৌপথ খনন না করলে যেকোনো সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে ফেরিচালক ও কর্মকর্তারা জানিয়েছেন। আটকে পড়া যাত্রী, কাওরাকান্দি ঘাট ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মাওয়া ফেরিঘাট থেকে কাওরাকান্দির উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে পদ্মার কবুতরখোলা চ্যানেলে আসার পর ডুবোচরে আটকা পড়ে ফেরিটি। ওই সময় ফেরিতে ১০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস, ১৮টি প্রাইভেটকার, দুটি ট্রাকসহ ৩৫টি পরিবহনে প্রায় এক হাজার যাত্রী ছিলেন।ফেরিটি আটকে পড়ার প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯২ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেরিটিকে উদ্ধার করা হয়। এ সময় অসুস্থ হয়ে পড়েন অনেক যাত্রী।উদ্ধারকারী জাহাজ আইটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত ও ফেরিটি কবুতরখোলা চ্যানেলে আড়াআড়িভাবে আটকে থাকায় উদ্ধার করতে বিলম্ব হয়েছে।আটকে পড়া যাত্রী আনোয়ার, আমিনুল ও হাসান অভিযোগ করে বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরির মাস্টার অসাবধানতাবশত কবুতরখোলা চ্যানেলে ফেরি ঢুকিয়ে দেন। এতে ডুবোচরে আটকে যায় ফেরিটি। তবে মাস্টার ইয়াকুব আলী বলেন, মাওয়া-কাওরাকান্দি নৌপথে এখন নাব্যতা কমে অসংখ্য ডুবোচর দেখা দিয়েছে। এই ডুবোচরের কারণেই ফেরিটি আটকা পড়ে।একই ধরনের কথা বলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী ব্যবস্থাপক শাহ নেওয়াজ। তিনি বলেন, নাব্যতাসংকটের কারণেই ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়। কোনো বিলম্ব হয়নি।শাহ নেওয়াজ বলেন, মাওয়া-কাওরাকান্দি নৌপথ শিগগিরই খনন করা না হলে যেকোনো সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে।