পদ্মায় ৪০ কেজি ওজনের বাঘাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪০ কেজি ওজনের একটি বাঘাড় মাছ ধরা পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে। গতকাল শনিবার এটি ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী সাইদুল ইসলাম ৩৬ হাজার টাকায় মাছটি কিনে আজ রোববার ভোরে ৩৯ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এ ধরনের বড় মাছ এই মৌসুমের প্রথম বলে ওই ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দাবি করেন।

মাছ ব্যবসায়ী সাইদুল ইসলাম আজ সকালে জানান, কালিপদ হালদার নামের পাবনার এক জেলে গত শুক্রবার বিকেলে পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় মাছ ধরতে নামেন। বেলা শেষে তাঁর জালে বিশাল এক ঝাঁকুনি দিলে বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকা পড়েছে। দীর্ঘ সময় চেষ্টার পর তিনি সহকর্মীদের সঙ্গে করে অনেক কষ্টে নৌকার কাছে এনে বিশাল আকৃতির মাছ দেখেন। তখনো বুঝতে পারেননি এটি বাঘাড় মাছ। অনেকক্ষণ চেষ্টার পর নৌকার ওপর কয়েকজন মিলে টেনে তুলে দেখেন বিশাল আকৃতির বাঘাড় মাছ। দ্রুত মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন। তখনই তিনি (সাইদুল) মেপে দেখেন মাছটির ওজন প্রায় ৪০ কেজি। পরে ওই জেলের কাছ থেকে ৩৬ হাজার টাকায় কিনে নেন মাছটি। পরদিন শনিবার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের পাশে মোটা রশি দিয়ে পানিতে বেঁধে রাখেন। বিশাল এক মাছ বাঁধা রয়েছে জানতে পেরে এক নজর দেখতে ভিড় জমান ঘাট দিয়ে পারাপারের যাত্রীসাধারণসহ স্থানীয় লোকজন।

ঘাটে বাঁধা একটি ফেরির লস্কর মোশাররফ মিয়া বলেন, ‘শীত মৌসুমে মাঝেমধ্যে বাঘাড় (পাঙাশ-জাতীয় অনেক বড় মাছ) ধরা পড়ে। তবে সহজে এত বড় মাছ ধরা পড়ে না। অনেক দিন পর প্রায় এক মণ ওজনের বাঘাড় মাছটি দেখতে পেলাম। এ ধরনের মাছ তো আর কিনতে পারব না। তাই এক নজর দেখে নিজের মনের খোরাক মেটালাম।’

স্থানীয় বাসিন্দা সেলিম চৌধুরী বলেন, ‘চোখের সামনে এত বড় মাছ ধরা পড়লেও আমরা এর স্বাদ নিতে পারি না। এত বড় মাছ সহজে এ অঞ্চলের লোক কিনতে পারে না। কয়েকজন মিলে হয়তো সর্বোচ্চ ১০ থেকে ১৫ কেজি ওজনের মাছ কিনে কেটে ভাগ করে খাই। ঢাকাসহ দূর-দূরান্তের বড় বড় আমলা, ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা আছেন, তাঁরাই এসব মাছ কিনতে পারেন।’

মাছ ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, এত বড় মাছ সাধারণত ঢাকাসহ অন্যান্য এলাকার বড় বড় নেতা, ব্যবসায়ীরা মাছ কিনে থাকেন। তাঁরা এখানে আসেনও না। সাইদুল বলেন, ‘মাছ ধরার সাথে সাথে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করে বিক্রি করে থাকি। বিক্রি হলেই তাঁদের বাসায় পৌঁছে দিয়ে আসি। বিনিময়ে মাছের দামের সাথে বাড়তি বকশিশ পাওয়া যায়।’ তিনি জানান, বিশাল এই মাছ গতকাল রাতে ঢাকার এক নেতা ও ব্যবসায়ী (নাম প্রকাশে অনিচ্ছুক) ৩৯ হাজার টাকায় কেনেন। গতকাল রাত দুইটার দিকে ওই নেতার ব্যক্তিগত গাড়িতে মাছটি তুলে দেওয়া হয়।