পন্টুন থেকে পা ফসকে নদীতে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে গত শুক্রবার রাতে পা পিছলে পদ্মা নদীতে পড়ে ঢাকার শমরিতা হাসপাতালের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. রুকুনুজ্জামান ওরফে রিন্টু (৪৫)। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তিনি পুরান ঢাকায় বসবাস করতেন।জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত লঞ্চগুলোতে ওঠা-নামার জন্য সিঁড়ি না থাকায় মাঝেমধ্যে অনেক যাত্রীই দুর্ঘটনার কবলে পড়ে। পা পিছলে পদ্মা নদীতে পড়ে গিয়ে আহতও হয় অনেকেই। তেমনিভাবে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর শমরিতা হাসপাতাল থেকে দাপ্তরিক কাজ শেষ করে ঢাকায় ফিরছিলেন ঢাকা শমরিতা হাসপাতালের ব্যবস্থাপক মো. রুকুনুজ্জামান। এ সময় লঞ্চে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান তিনি। এর এক দিন আগে ওই স্থানে নদী খনন করায় গভীর গর্তের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে ওই কর্মকর্তার লাশ পাওয়া যায়।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, রাতে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরের কোথাও আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। গতকাল সকাল নয়টার দিকে নিহত ব্যক্তির ছোট ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।